Ajker Patrika

অস্থিরতা

সম্পাদকীয়
অস্থিরতা

২০ নভেম্বরের আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠা দেখলেই বোঝা যায়, এক অস্থির সময় পার করছে দেশ। মূল শিরোনামে রয়েছে, ‘আওয়ামী লীগ ঠেকাতে এককাট্টা হচ্ছে সব দল’। প্রধানমন্ত্রী বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের জবাব দিন। জামায়াতে ইসলামীর নেতা বলেছেন, ফ্যাসিবাদকে দাঁড়াতে দেবেন না। প্রথম পাতায় দেখা যাচ্ছে, ১৯ জেলায় সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীসহ ছয় এমপির বাড়িতে হামলা চালানো হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারতসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বৈঠকের খবর প্রকাশিত হয়েছে। শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিএনপির সংঘর্ষের খবর রয়েছে। একজন এমপির বাড়ি আর একটি থানায় আগুন দেওয়ার খবরও চোখে পড়ল। সাবেক শিক্ষামন্ত্রী, একজন অভিনেত্রীসহ ১০৭ জনকে গ্রেপ্তারের খবরও বেরিয়েছে।

একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার তুলনামূলক বিশ্লেষণ করলে বোঝা যায়, পুরো দেশ অস্থির হয়ে রয়েছে। কে কাকে কোন নামে ডাকছে, কে কার সঙ্গে জোট বাঁধছে, কার বাড়িতে কে আগুন দিচ্ছে, কারা কাকে সমুচিত জবাব দিচ্ছে। শ্রমিকদের আন্দোলন পুলিশ ঠেকাচ্ছিল, কিন্তু সেখানে পুলিশের সঙ্গে বিএনপির লোকজন কেন, তা নিয়ে যে ধাঁধার সৃষ্টি হয়েছে মানুষের মনে, তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক কিছুর কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী ও একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। কারণ দলটিকে অন্তর্বর্তী সরকারের সময় কার্যক্রম নিষিদ্ধ

করা হয়েছিল। এ অবস্থায় তারা দেশে কার্যক্রম শুরু করতে চাইলে অবশ্যই সেটা আইনি প্রক্রিয়ায় করতে হবে। কিন্তু তারা সেটা না করে উল্টো সহিংস প্রক্রিয়ায় দেশে ফিরতে চাইছে। এভাবে তো ফেরা যায় না। তাদের জরুরি কাজ ছিল জনগণের মন জয় করা। একই সঙ্গে জনমত তৈরির জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ রাষ্ট্রদূতের বৈঠকও নানা প্রশ্নের জন্ম দেয়। আদতে দেশটি কি আন্তর্জাতিক রাজনীতির খেলার মাঠ হয়ে উঠল? দেশের ভবিষ্যৎ নির্ভর করছে কিসের ওপর? বিনিয়োগ, দ্রব্যমূল্য, বেকার সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি—কোনোখানেই সুসংবাদ নেই।

দেশ-বিদেশে আমাদের দেশ নিয়ে কোনো সুখবর নেই। এ রকম অবস্থায় আগুনে ঘি না ঢেলে দেশের মানুষ কীভাবে একটু শান্তির খোঁজ পাবে, সে বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের দেশে যারা যখন ক্ষমতায় থেকেছে, তারাই তখন নানা ধরনের অন্যায় করেছে। এমনকি ক্ষমতায় না গিয়েও নানা ধরনের অপকর্ম করেছে, এমন দলও দেশে কম নয়। সময় এসেছে অতীতের ভুল শুধরে নিয়ে সুস্থ গণতান্ত্রিক কাঠামো সমুন্নত করে দেশের রাজনীতিকে পরিষ্কার করার। দেশ বাঁচাতে হলে, দেশের সব মানুষের কাছে পৌঁছাতে হবে। একপক্ষীয় ঐক্য কোনো সমাধান দেবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত