পয়লা বৈশাখ শুধু বাংলা নববর্ষের সূচনার দিন নয়, বরং এটি বাঙালির অসাম্প্রদায়িক একটি উৎসবের দিন। এই দিনটি ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে উদ্যাপিত হয়ে আসছে। এর কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা’। আশির দশকে শুরু হওয়া এই শোভাযাত্রা আজ জাতীয় পরিচয়ের এক জীবন্ত প্রতীক। ২০১৬ সালে ইউনেসকো একে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই বাস্তবতায়, এ বছরের আয়োজন থেকে ‘মঙ্গল’ শব্দটি বাদ দিয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামকরণ আমাদের ভাবনার গভীরে নাড়া দেয়।
নতুন নামটি নিঃসন্দেহে ইতিবাচক—‘আনন্দ’ শব্দটিতে রঙিনতা আছে, সুর আছে, প্রাণ আছে। তবে প্রশ্ন হলো, ‘মঙ্গল’ শব্দটি কী এমন কোন নেতিবাচক বা বিভাজন সৃষ্টিকারী ধারণা বহন করত, যার কারণে তা বাদ দেওয়া প্রয়োজন হলো? বরং ‘মঙ্গল’ শব্দটি আমাদের হাজার বছরের লোকজ সংস্কৃতি, শুভশক্তির প্রতীক এবং একটি সামষ্টিক চেতনার প্রতিনিধিত্ব করে। এটি কেবল একটি ধর্মনিরপেক্ষ বার্তা নয়, বরং প্রতিকূলতার মধ্যেও আশাবাদের প্রতীক।
যদি এই নাম পরিবর্তনের পেছনে কোনো ধর্মীয় বা গোষ্ঠীগত চাপ থাকে, যদি এই পরিবর্তন একশ্রেণির ‘অনুভূতির’ কাছে মাথা নোয়ানোর কৌশল হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। কারণ, সংস্কৃতির শিকড় নিয়ে আপস একবার শুরু হলে তা কোথায় গিয়ে শেষ হবে, তা বলা কঠিন।
সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে কিছু প্রতীক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। ‘মঙ্গল শোভাযাত্রা’ সেই রকম একটি প্রতীক, যেটি শুধু বর্ষবরণের আনুষ্ঠানিকতা নয়, বরং সাম্প্রদায়িকতা, বৈষম্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক রঙিন প্রতিবাদ। এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—একটি স্পষ্ট রাজনৈতিক-সাংস্কৃতিক বার্তা দেয়, অথচ এর নাম থেকে ‘মঙ্গল’ বাদ দেওয়া যেন ঠিক তার উল্টো মেসেজ দেয়।
আমরা মানি, সময় বদলায়, শব্দের ব্যবহার বদলায়, সংস্কৃতিও রূপান্তরিত হয়। কিন্তু সব রূপান্তরের মধ্যেও কিছু প্রতীক থাকে, যা একটি জাতির আত্মপরিচয়ের অংশ হয়ে ওঠে। মঙ্গল শোভাযাত্রা তেমনই এক প্রতীক, যা উদারতা, বহুত্ববাদ, বৈচিত্র্য ও উৎসবের এক মেলবন্ধন। এর পরিবর্তন যদি সময়ের দাবি হয়, তবে সেই দাবির প্রকৃত ভিত্তি আমাদের জনসমক্ষে আসা জরুরি।
সংস্কৃতি একটি বহমান স্রোত, যেখানে সময়োপযোগী পরিবর্তন অবশ্যই প্রয়োজন।
কিন্তু পরিবর্তনের নামে যদি আমরা এমন কিছু বাদ দিই, যা আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের মূলে রয়েছে, তবে সেটি পরিবর্তন নয়, বরং আত্মসমর্পণ। নমনীয়তা তখনই কাম্য, যখন
তা আত্মমর্যাদা অটুট রেখে এগিয়ে যাওয়ার শক্তি দেয়; কিন্তু যদি সেই নমনীয়তা আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তবে তা আপস নয়, আত্মবিস্মৃতি।
আমরা চাই সংস্কৃতি হোক উদার, অন্তর্ভুক্তিমূলক এবং আনন্দময়—তবে সেই আনন্দ যেন আত্মপরিচয় হারিয়ে ফেলার বিনিময়ে না হয়।

তৃষ্ণার্তকে পানি পান করানো যে একটি ভালো কাজ, তা নিশ্চয়ই সচেতন পরিবারের শিশুদের শিক্ষা দেওয়া হয়। একই শিক্ষা হয়তো পেয়েছিল ময়মনসিংহের গফরগাঁওয়ের এক প্রবাসীর ছেলে। তৃষ্ণার্ত ভেবে যাদের পানি খাওয়াতে চেয়েছিল সে, তারাই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘরে ঢুকে লুটপাট চালায়।
১৭ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত এবারের ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর যোগদান না করার সিদ্ধান্তটিকে আমি এখনই কোনো চূড়ান্ত রায় দিয়ে মূল্যায়ন করতে চাই না। এ ধরনের সিদ্ধান্তকে শুধু আবেগ বা মুহূর্তের প্রতিক্রিয়া দিয়ে বিচার করলে চলবে না।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ঘোষিত ‘জাতীয় বেতনকাঠামো ২০২৬’ অনুমোদনের পর জাতীয় দৈনিকগুলোতে আসা হিসাব-নিকাশগুলো একটি প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে সামনে এনেছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে সদ্য যোগ দেওয়া তরুণ কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন এক লাফে দ্বিগুণ হবে। সংবাদটি প্রাথমিকভাবে স্বস্তিদায়ক মনে হলেও এর আড়ালে যে গভীর....
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ গিয়েছিলাম। প্রমত্তা যমুনার পারে এই শহরটির রয়েছে দীর্ঘ ভাঙাগড়ার ইতিহাস। আজ থেকে ৩৯ বছর আগে প্রথম এই শহরে যাওয়ার কথা বারবার মনে পড়ছে। মনে মনে হিসাব করে দেখলাম, দেশে ও বিদেশে যেখানেই গিয়েছি, তার প্রধান কারণ একটাই ছিল, সেটা হলো শিল্পকলার প্রেরণা, নাটক।
২ দিন আগে