পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটারের একটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজের বয়স হয়েছে মাত্র দুই বছর। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, সড়ক দেবে বিভিন্ন স্থানে গর্তের মতো হয়ে গেছে। দুই বছর আগে সংস্কার করা খানাখন্দে ভরা সড়ক দেখলে যে কারও মনে হতে পারে—এই সড়কটি নাছোড়বান্দা, তাকে যতই সংস্কারের প্রয়াস করা হোক না কেন, সে কিছুতেই রূপ-লাবণ্য ধরে রাখতে নারাজ!
এখন আর এ ধরনের সড়ক সংস্কার ব্যয়ের হিসাব জানলে অবাক লাগে না। কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক-সেতু সংস্কার করার পরও যখন পাথর-বিটুমিন উঠে যায়, নাট-বল্টু ঢিলা হয়ে যায়, তখন এসব ঘটনা বারবার খবরে পরিণত হয়ে সাধারণ মানুষকে আর চকিত করে না। ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কটির সংস্কার ব্যয়ও অনেক—৪৭৫ কোটি টাকা। ২০২৪ সালের জুন মাসে এই সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ শেষ হয়। সংস্কার শেষ হতে না হতেই সড়কের দুই পাশের বিভিন্ন অংশে ফাটল দেখা যায়। সম্প্রতি বৃষ্টির কারণে সড়কটি এতটাই বেহাল হয়েছে যে যানবাহন ও পথচারী চলাচলে ভোগান্তি ও দুর্ভোগ দেখা দিলে পাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বালু ও ইট বিছিয়ে সড়কের গর্ত ভরাট শুরু করেছে। ব্যস, এটুকুতেই কি সমাধান হয়ে যায়?
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্মাণকাজ চলাকালেই তাঁরা নিম্নমানের কাজের প্রতিবাদ করেছিলেন। কিন্তু সেই অভিযোগ গুরুত্ব পায়নি। বরং নানা প্রভাবের কারণে প্রতিবাদ স্তব্ধ হয়ে গেছে। এই চিত্র তো আরও উদ্বেগজনক। কারণ, জনগণের চোখে ধরা পড়া ত্রুটি যদি দায়িত্বপ্রাপ্ত সংস্থার নজর এড়িয়ে যায়, তাহলে তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে হয়। নিম্নমানের নির্মাণের ফলে শুধু সরকারি অর্থের অপচয়ই হয় না, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং জনগণের ভোগান্তি দীর্ঘস্থায়ী হয়। পরে আবার সেই সড়ক মেরামতে নতুন বরাদ্দ দিতে হয়, যা শেষ পর্যন্ত করদাতা তথা সাধারণ জনগণের ওপরই বোঝা হয়ে ফিরে আসে।
দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য হতাশাজনক—কেউ বলছেন, না দেখে মন্তব্য করা সম্ভব নয়; কেউ বলছেন, তিনি পরে যোগ দিয়েছেন, তাই কিছু জানেন না। কিন্তু সরকারি দায়িত্ব কি ব্যক্তির যোগদানের তারিখের সঙ্গে শুরু ও শেষ হয়ে যায়? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধারাবাহিক দায়িত্ববোধ থাকলে এমন দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকার তো কথা না।
এখন প্রয়োজন দায় নির্ধারণের। প্রকল্পের নির্মাণমান, তদারকি এবং অর্থব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত হতে হবে। যেসব ঠিকাদার বা দায়িত্বশীল কর্মকর্তা অবহেলা বা অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নির্মাণ-পরবর্তী গ্যারান্টি ও জবাবদিহির বিধান কঠোরভাবে কার্যকর করতে হবে। উন্নয়নের প্রকৃত মান সড়কের উদ্বোধনে নয়, তার দীর্ঘস্থায়ী স্থায়িত্বেই প্রমাণিত হয়—এ কথাও রাষ্ট্রকে মনে রাখতে হবে।

আমার এক বন্ধু বাংলা সাহিত্যের মেধাবী ছাত্র এবং খুবই পড়ুয়া। তার নিজস্ব লাইব্রেরিটিও খুবই সমৃদ্ধ। দুর্লভ সব বই সংগ্রহ করে থাকে। খুঁজে খুঁজে বড় বড় বইমেলায় যায়। এ বাংলার উৎসাহী বন্ধুদেরও নিজ খরচে নিয়ে যায়। কিন্তু ব্যবসাটি করে গার্মেন্টস শিল্পের। ব্যবসাটিও ভালোই।
১৯ ঘণ্টা আগে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে না পারা নিঃসন্দেহে উদ্বেগজনক। এর প্রতিক্রিয়ায় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে এমপিও ও সরকারি স্বীকৃতি
১৯ ঘণ্টা আগে
ঢাকা শহরের ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলো নিয়ে গঠিত হয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। অন্তর্বর্তী সরকারের আমলে এটা প্রতিষ্ঠার জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশিত হয় ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি (অধ্যাদেশ জারি হয় ৮ ফেব্রুয়ারি, তবে ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়)।
১৯ ঘণ্টা আগে
স্কুলে যাওয়ার নাম করে তিন বান্ধবী পার্কে যাচ্ছিল। পরনে ছিল স্কুলের পোশাক। সঙ্গে ছিল অতিরিক্ত পোশাক। দুপুরের খাবারও ছিল সঙ্গে। পার্কে একটা দারুণ সময় কাটাবে বলে প্রস্তুত ছিল তারা। কিন্তু বিধি বাম। পড়বি তো পড় মালির ঘাড়ে! সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরগুলোর ক্ষয়ক্ষতি পরিবেশন করে কাজের জায়গায় ফিরছিলেন
১৯ ঘণ্টা আগে