বাংলাদেশের তরুণসমাজ আজ ক্রমেই বিদেশমুখী হচ্ছে। একসময় বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ মানে ছিল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে কাজ করা, কিন্তু এখন সেটি পরিণত হয়েছে স্থায়ীভাবে প্রবাসে চলে যাওয়ার প্রবণতায়। দেশের সবচেয়ে মেধাবী ও যোগ্য তরুণেরা বিদেশে পড়াশোনা শেষে আর ফিরে আসছেন না। তাঁরা থেকে যাচ্ছেন উন্নত সুযোগ-সুবিধার দেশে। এ যেন এক নীরব মেধা পাচার, যা দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্ভাবনাকে ধীরে ধীরে ক্ষয় করছে।
মেধা হারানোর এই প্রবণতার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, দেশে মানসম্মত শিক্ষা ও গবেষণার সুযোগ এখনো সীমিত। অনেক বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব, গবেষণা তহবিল এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশের অভাব রয়েছে। যে তরুণেরা গবেষণা বা উদ্ভাবনে আগ্রহী, তাঁরা উন্নত পরিকাঠামো ও স্বাধীন চিন্তার পরিবেশের খোঁজে বিদেশে চলে যান। দ্বিতীয়ত, দেশে কর্মসংস্থানের সুযোগও সীমিত। অনেক সময় যোগ্যতার সঙ্গে বেতনের সামঞ্জস্য থাকে না, আবার প্রশাসনিক জটিলতা ও দুর্নীতির কারণে মেধাবী তরুণেরা প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হন। আর রাজনৈতিক প্রভাবে এবং দুর্নীতির কারণে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ না পাওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে চলে যাচ্ছেন। ফলে তাঁরা এমন দেশে যেতে চান, যেখানে যোগ্যতার মূল্যায়ন হয় এবং শ্রমের যথাযথ প্রতিদান মেলে।
এর পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চিত ভবিষ্যৎ, আইনের দুর্বল শাসন ও সামাজিক অনিরাপত্তাও মেধাবীদের নিরুৎসাহিত করছে। একজন তরুণ যখন দেখেন যে পরিশ্রম বা দক্ষতার চেয়ে দলীয় পরিচয় বা সম্পর্কই সাফল্যের পথ, তখন তাঁর মনে দেশে থাকার আগ্রহ কমে যায়। তা ছাড়া, উন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ ও জীবনের মান তুলনামূলক ভালো, যা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিক নিরাপদ বলে মনে হয়। তাই অনেকে নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও বিদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন।
এই মেধা পাচারের প্রভাব জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে পড়ছে। প্রশাসন, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে দক্ষ জনবলের ঘাটতি তৈরি হচ্ছে। যাঁরা বিদেশে থেকে সফলভাবে কাজ করছেন, তাঁদের উদ্ভাবনী শক্তি, নেতৃত্ব ও উদ্যোগী মনোভাব দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত হতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক ও গবেষকের অভাব শিক্ষার মানকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। একই সঙ্গে যাঁরা দেশে থেকে সংগ্রাম করছেন, তাঁরা দেখছেন যে এখানে যোগ্যতার চেয়ে সম্পর্ক ও তোষণই বেশি গুরুত্ব পায়। এতে হতাশা ও বঞ্চনার অনুভূতি বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও দেশপ্রেম ও আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে।
তবে এখনই যদি বাস্তব পদক্ষেপ নেওয়া যায়, এই প্রবণতাকে অনেকটা রোধ করা সম্ভব। প্রথমেই প্রয়োজন মানসম্মত শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে এবং গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল ও প্রযুক্তিগত সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মসংস্থানের পরিধি বাড়াতে হবে, বেসরকারি ও সরকারি খাতে মেধা অনুযায়ী বেতনকাঠামো ও পদোন্নতির স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুললে তরুণেরা নিজেদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন দেখতে পাবেন, যা তাঁদের দেশে থাকার অনুপ্রেরণা জোগাবে।
এ ছাড়া বিদেশে থাকা মেধাবীদের দেশে ফেরার জন্যও কার্যকর নীতি নেওয়া যেতে পারে। যাঁরা বিদেশে পড়াশোনা বা কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের গবেষণা, নীতিনির্ধারণ বা শিক্ষা খাতে যুক্ত করার সুযোগ দিতে হবে। অনেক দেশ ‘রিভার্স ব্রেন ড্রেন’ নীতি গ্রহণ করে সফল হয়েছে, বাংলাদেশও তা অনুসরণ করতে পারে। অর্থাৎ মেধাবীদের দেশে নিয়ে এসে যোগ্যতম জায়গায় মানসম্পন্ন বেতন ও সুযোগ-সুবিধা দিয়ে দেশের কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি করে দেওয়া। সেটা অবশ্যই রাষ্ট্রীয় উদ্যোগে হতে হবে।
সবশেষে বলা যায়, একটি দেশের আসল সম্পদ হলো তার মানুষ, বিশেষ করে মেধাবী মানুষ। যদি সেই মেধা অন্য দেশে চলে যায়, তাহলে উন্নয়নের ভিত দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশকে সেই মেধা ধরে রাখতে হলে প্রয়োজন সুযোগ, সুশাসন ও সম্মান। তরুণদের এমন পরিবেশ দিতে হবে, যেখানে তারা বিশ্বাস করবে যে এখানেই তাদের স্বপ্ন পূরণ সম্ভব। কারণ, উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে তখনই, যখন দেশের মেধা, শ্রম ও ভালোবাসা এই মাটিতেই বিকশিত হবে।
শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আমরা কি বুঝতে পারছি কী ভয়ানক অনিরাপদ সমাজে বেড়ে উঠছে আমাদের নিষ্পাপ শিশুরা? কোন ঘটনা ছেড়ে কোনটার উদাহরণ দেওয়া যায়—নেত্রকোনার ১১ বছর বয়সী শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়া, সিরাজগঞ্জের ৯ বছরের শিশুকে আমের লোভে ধর্ষণ নাকি সিলেটের ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা? এসব ঘটনায় অভিযুক্তরা সবাই...
১ দিন আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে কেন এত ভয় চব্বিশের সাহসী অভ্যুত্থানকারীদের? রাজনৈতিক পরিস্থিতিকে তো মোকাবিলা করতে হয় রাজনীতি দিয়েই। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার অবশ্য সেটা করেনি। তাদের শাসনামলের দেড় বছর এমন সব নির্মমতার জন্ম দিয়েছে, যা স্বল্প সময়ে নির্যাতনের সব রেকর্ড ভঙ্গ করেছে কি না...
১ দিন আগে
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া সুপ্রিম কোর্ট হানা পেইন নামক একজন বিচারপ্রার্থীর নতুন বিচার চাওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন। বিচারকের দেওয়া সেই আদেশে এমন সব মামলার উদ্ধৃতি ছিল, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আদেশটির খসড়া প্রস্তুতকারী আইনজীবী স্বীকার করেছেন, তিনি আদেশের...
১ দিন আগে
কত মা-বাবার বুক খালি হচ্ছে! কিন্তু রাষ্ট্রের কর্তাব্যক্তিদের এ নিয়ে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। ২০ মে আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ১১ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫টি।
২ দিন আগে