ইভানাকে দেখেছি। আত্মীয়ের ফেসবুকে। মিষ্টি একখান মুখ। সেই মুখে কোনো অসুখের ছাপ ছিল না। বলছি, ঢাকার অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর কথা। স্বামীর পরকীয়া নির্যাতন সইতে না পেরে যে আত্মহননের পথ বেছে নেয়। ডিভোর্সের পথে পা বাড়াতে সাহস করেনি মেয়েটা। পরিবার, মা-বাবার সামাজিক অবস্থানের কথা ভেবেই।
পরিবারে একটা ডিভোর্সি মেয়ে মানেই যেন আমাদের লজ্জার সীমা নেই। মেয়েটিকেও প্রতিটি পদক্ষেপে ডিভোর্স নামের পাপের প্রায়শ্চিত্ত করতে করতেই জীবন পার করতে হয়। এই সব প্রতিকূলতার কারণেই সহনশীল হয়ে কত কিছু মেনে নিতে নিতে মেয়েরা তাদের জীবন পার করে। তবু ভুলেও ওই পথে পা মাড়ায় না। শারীরিক-মানসিক নির্যাতন সইতে সইতে মনের অসুখ বাঁধিয়ে ফেলে।
ইভানার ক্ষেত্রেও হয়তো তা-ই হয়েছিল। একটা বয়স থাকে, যে বয়সে ছোট ছোট কারণেও অভিমানে মরে যেতে ইচ্ছে করে। মৃত্যুকে একটা ফ্যান্টাসি হিসেবেই দেখা যায় তখন। ক্লাসের বন্ধুরা বুলি করেছে? মরে যাব। প্রথম ভালো লাগার মেয়েটি পাত্তা দিচ্ছে না, মরে যাব। মা বকা দিল? পৃথিবী আমাকে চায় না, মৃত্যুই ভালো। মনের এই ছেলেমানুষি বয়স হওয়ার পরেও থেকে গেলে সেটা আর ছেলেমানুষি নয়। শরীর-মনে সিন্দবাদের ভূতের মতো চড়ে বসা গভীর, জটিল এক ভয়ংকর রোগ। যে ‘বিপন্ন বিস্ময়’–এর কথা জীবনানন্দ দাশ তাঁর ‘আট বছর আগের একদিন’ কবিতায় ব্যক্ত করেছিলেন, সেই রোগ মেয়েদের ক্ষেত্রে বাড়তে পারে সঙ্গীর নির্যাতনে। সারতে পারে সঙ্গীর যত্নে, ভালোবাসায়। এমন ভূরি ভূরি উদাহরণ আশপাশেই খুঁজে পাওয়া যাবে।
জন্মগত কারণে ডালিয়ার (ছদ্মনাম) কিছু মানসিক সমস্যা সুপ্ত অবস্থায় ছিল, বিয়ের আগ পর্যন্ত যার অস্তিত্ব কেউ টের পায়নি। বিয়ের পর একসময় স্বামীর পরকীয়ার কথা জেনে সে ভেঙে পড়ে। প্রতিবাদ করলে প্রথমে অস্বীকার, পরে ভাঁওতাবাজি, এরপর শুরু হয় শারীরিক নির্যাতন। নির্যাতক স্বামীকে ফেরাতে বাড়ির মুরব্বি নারীদের পরামর্শে একের পর এক সন্তান নেওয়া ও গর্ভপাত হওয়ার কারণে ডালিয়া এখন সিভিয়ার মানসিক রোগী। ঘরের এক কোণে বসে বিড়বিড় করা, কেউ ঢুকলে গালিগালাজ করে।
পরিবারের মুরব্বিরা ঘন ঘন বাচ্চা নিয়ে স্বামীকে ঘরে ফেরানোর মন্ত্রটি না দিয়ে ডিভোর্সের পথে যাওয়ার পরামর্শ দিতে পারতেন। এখন তো সামাজিক লজ্জা, মেয়ের জীবন–দুই-ই গেল। দুশ্চরিত্র নির্যাতক পুরুষটি কিন্তু আরেক বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিয়েছে। তাই ‘সমাজ কী ভাবল’, ‘জাত গেল জাত গেল’—এই সব পুরোনো ধারণা ঝেড়ে ফেলতে হবে। সমাজ কেউ না। নিজে ভালো না থাকলে, নিজে শেষ হয়ে গেলে সমাজের কিছুই যাবে-আসবে না। যাবে-আসবে পরিবারের মানুষেরই। পরিবারের প্রতিটি বিবাহিত মেয়ের খোঁজখবর রাখা অবশ্য কর্তব্য।
ইভানার পরিবার তার সুন্দর হাসিমাখা মুখে আড়াল করা কষ্ট-নির্যাতনের ব্যাপারে বেখবর ছিল। এই বেখবর থাকাটাই অনেক নির্মম ঘটনার জন্ম দিতে পারে। সমাজকে বড় করে না দেখে পরিবারের সদস্যদের জীবনকেই বড় করে দেখতে হবে।
আমার বন্ধুর ছোট বোন রিমি। স্বামী মাদক, পর্নো নিয়ে এক নোংরা জীবনে অভ্যস্ত ছিল। চলত শারীরিক নির্যাতন। একসময় ড্রাইভারের সহযোগিতায় স্বামীর হাতে ছুরিকাহত হতে হতে বেঁচে যায়। সমাজ নামের অদ্ভুত গ্রহটিতে রটে যায়, মেয়েটি খারাপ, ড্রাইভারের সঙ্গে প্রেম!
সমাজের সভ্যদের কাছেই শুনলাম কথাটি। বন্ধুকে জিজ্ঞেস করাতে সে বলল, ‘আমাদের তাতে কিছুই যায়-আসে না, বোন বেঁচে ফিরেছে তাতেই খুশি।’
কথাটি খুব ভালো লাগল। এভাবেই পরিবারের সদস্যদের পাশে থাকতে হবে সমাজের কূট চক্ষুকে উপেক্ষা করে।

কোথাও কোনো প্রকল্পের কাজ শুরু হলেই যেন ঘুষ খাওয়ার হিড়িক পড়ে যায়! অবশ্য কাজ শুরু হওয়ার আগে থেকে শরিকেরা নির্ধারণ করে নেন কে কী পরিমাণ ঘুষ খাবেন। এই অতি সাধারণ দৃশ্য সম্পর্কে দেশের মানুষ কমবেশি সবাই জানে।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হলো, বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধান তাদের আনুগত্য না মানলে সেখানে যেকোনো উপায়ে তাঁকে উৎখাত করা। যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস তা-ই বলে। সেই
১ দিন আগে
দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের মধ্যে দুটি ধারা দেখা যাচ্ছে। প্রথমটি—প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কিছু কর্মকাণ্ড, আচার-আচরণ। আর দ্বিতীয়টি হচ্ছে, বিএনপি ও তার নেতাদের গতানুগতিক কাজকর্ম। এই দুই ধারার মধ্যে মিলের চেয়ে যেন অমিলই বেশি। ফলে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না, আগামী দিনগুলোতে ঠিক...
১ দিন আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বিশ্বজুড়ে চোখ মধ্যপ্রাচ্যের ওপর। প্রশ্ন একটাই, এখন কী হবে? যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্যবস্তু ইরানের ইসলামি শাসকগোষ্ঠীর পতন হবে কি? হলে কী হবে সেই ইরানের চেহারা! মুহুর্মুহু হামলার মুখে কতক্ষণ...
১ দিন আগে