একুশ শতকের আটপৌরে বাঙালি আজ সাপলুডুর বোর্ডের একদম ৯৯ নম্বর ঘরের সাপটির সামনে দাঁড়িয়ে আছে। তাদের সামনে সাতচল্লিশ সালের দেশভাগের সূত্রটি জোর বাতাসে দুলছে! সূত্রের শরীরে হিংসার লাল আর কালো পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে।
একটু পেছনে তাকাই। ধর্মীয় দ্বিজাতিতত্ত্ব নামে এক ভয়ানক বিষাক্ত সূত্র প্রবর্তন করেই একসময় ভারতবর্ষ ভাগ করা হয়েছিল। যোগ, বিয়োগ কিংবা গুণ নয়, সেই ভাগ সত্যি সত্যি ভাগ করে দিয়েছিল বহু মানুষের ভাগ্য! ভাষা, চেহারা, আচার, আচরণ সবটায় মিল থাকলেও শুধু ধর্মটাকে মুখ্য করে আলাদা করা হয়েছিল আটপৌরে বাঙালিকে। কেন, কবে, কীভাবে তার উত্তর খোঁজার জন্য হাজারো মানুষের গল্প চারদিকে, একজন ছা-পোষা মানুষ সেটুকুতেই ভাষা ফোটাতে চাই।
তবে বাঙালি কিন্তু এই সব সূত্রকে বুড়ো আঙুল দেখাতেও পারে! এর প্রমাণ বায়ান্নর ভাষা আন্দোলন। আর সেই গৌরবের পথ ধরেই একাত্তর সালে মা-মাটি-সংস্কৃতির জন্য প্রাণ বাজি ধরে সেই বাজিতেও জিতে যাওয়া। বেশি দিন তো নয়, মাত্র ৫২টি বছর।
সংস্কৃতির প্রতি অপার ভালোবাসা নিয়েই বড় হয়েছিলাম স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের মানুষগুলো। তারপর? তারপর কোথা থেকে যেন বেনোজল এল। বেহুলার বাসরঘরের মতো অদৃশ্য ছিদ্রপথে সেই পুরোনো সাপটাই প্রবেশ করল বাঙালির অন্তরমহলে। সাপটা আজ পরিপূর্ণ অনেক দিক থেকে। তাকে লালন করেছে এ দেশের রন্ধ্রে রন্ধ্রে আস্তানা গেড়ে বসা কিছু সুযোগসন্ধানী মানুষ আর পালন করে যাচ্ছি আমরা এই আমজনতা!
অবাক লাগছে? এই অবাকপর্ব পার করে আজ আমরা অনেকেই এক রূঢ় সত্য মেনে নিয়েছি, ‘আজও বাঙালি সেই ঔপনিবেশিক সূত্রের মাঝে আটকে আছি।’ সেই যে ছোটবেলা—‘হিন্দু’ লাল পিঁপড়া দেখে মুসলমানরা তা মেরে ফেলবে আর ‘মুসলমান’ কালো পিঁপড়েগুলোকে মেরে ফেলবে হিন্দুরা। তবে কি সেই শিশুরাই বড় হয়ে সেই পুরোনো সূত্রটাকে আরও দুর্বোধ্য করে তুলল?
আমাদের নিজস্বতা, মূল্যবোধ আজ নেকাবে ঢাকা দেওয়ার চেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বইয়ের পাতাতেই হাইলাইটেড। আর ঐতিহ্য? এটা কোনো বিষয় নাকি? কত দিক থেকেই তো আজকাল তাদের ধার করে আনা যায়! সংযম, ধৈর্য, শ্রদ্ধাবোধ যদি দেখাতেই হয়, তবে যারা আমরা সংখ্যায় বেশি, তাদের জন্যই তা, যারা সংখ্যায় কম তাদের জন্য এই কোটি কোটি মানুষের দেশে জায়গা নেই ভাই।
‘মালাউন’, ‘মালু’, ‘নোমো’ নামগুলো যেমন আমাদের বায়ান্ন আর একাত্তরের শরীরে নতুন করে রক্তপাত ঘটাচ্ছে, তেমনি ‘হুজুর’, ‘মৌলভি’, ‘জামায়াতি’ তকমা দিয়ে ঢেকে দেওয়া যাচ্ছে যেকোনো প্রাগৈতিহাসিক দৈত্যকে। টিপ দিয়ে রাস্তায় বের হলেই তাই আমি ‘দিদি’ হয়ে যাব। প্রশ্ন ছুটে আসবে, ‘তোমাদের পুজো কি শেষ নাকি?’ ম্রিয়মাণ আমি প্রাণপণে বলতে চাইব, ‘আরে ভাই, আমি গুরুর ভাগে পড়েছি, লঘু নই...টিপটা তো আমাদের সংস্কৃতির অংশ!’ কিন্তু জোর গলায় বলার সাহসটা কি একটু হারাচ্ছে না বাঙালি?
যে আটপৌরে বাঙালি তার স্বদেশকে হায়েনার মুখ থেকে বাঁচিয়েছিল একদিন, আজ তারাই সেই দেশটাকে ‘অদ্ভুত উটের পিঠে’ বসিয়ে বাহবা কুড়িয়ে যাচ্ছি। আসলে বাহবা নয়, স্বার্থ আর স্বার্থ চারপাশে। গাছ কেটে, খাল ভরিয়ে, জীবন বর্গা দিয়ে শুধু লেবাসটুকু আঁকড়ে আছি। তারপরও এ দেশে বর্ষা নামে, সবুজ মাটির ওপরে দাঁড়িয়ে নজরুল-রবীন্দ্রনাথের যৌক্তিকতা নিয়ে তর্ক করা বাঙালি আজও গান গায়, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’।
তবে ‘ইতিহাস’কে পুরোনো বানাতে চাওয়া দলটা শুধু ‘হাস’টুকু রেখে মাথাটার ‘ইতি’ টানতে বদ্ধপরিকর। আর যারা আজও ‘মঙ্গল’ কথাটায় বিশ্বাস রাখতে চায়, তাদের চোখের সামনে ‘মঙ্গল শোভাযাত্রা’ জৌলুশ হারায়। চিরকালীন উৎসবের নাম ঢাকা পড়ে যায় ‘হিন্দুয়ানি’র নিচে।
এই তো মাসখানেক আগে সকালবেলা ধানমন্ডি লেকে হাঁটতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়েছিলাম। একটু দূরে একটা ছোট ছেলে লেকের পানিতে মুখ ধুয়ে উঠে আসতেই তিনজন মাঝবয়সী বা প্রায়-বৃদ্ধ লোক তাকে ঘিরে ধরল। আজকাল যাকে ‘অ্যাবিউজ’ বলে সে রকম কথাবার্তা চালাতে লাগল ছোট ছেলেটার সঙ্গে। একপর্যায়ে এক লোক শিশুটিকে বলল, ‘এই তুই কি মুসলমান?’ ছেলেটি ‘হ্যাঁ’ বলতেই লোকটি তার লুঙ্গিতে হাত দিল, ‘দেখি দেখা তো তুই কেমন মুসলমান?’
আমি প্রাণপণে চুপ করে আছি! দেখি পথের পাশে বড় হওয়া ছোট শিশুটিও ঘাড় শক্ত করে শীর্ণ হাতে নিজের কাপড় আঁকড়ে ধরে বলছে, ‘আগে আপনি দেখান, আপনি হিন্দু নাকি মুসলমান, তারপরে আমি দেখামু!’
আমি চুপ করে অন্যদিকে তাকিয়ে বৃষ্টির পানির সঙ্গে ভেসে যেতে দেখছি আমাদের ‘ধর্মনিরপেক্ষতা’ নামের শব্দটিকে। তিন বৃদ্ধের অশ্লীল হাসি মনে করাচ্ছে, একাত্তর সালের হানাদারদের সেই অশ্লীল-নির্মম প্রশ্ন, ‘তুম মুসলমান হো? খতনা হুয়া?’
একুশ শতকের শেষ প্রান্তে এসে আটপৌরে বাঙালি আজ সত্যিই লুডুর বোর্ডের ৯৯ ঘরের সাপটির মুখের সামনে দাঁড়িয়ে। চোখের সামনে সাতচল্লিশের সেই বিভাজনের সূত্রটা। আমাদের শরীরজুড়ে হিংসার লাল আর কালো পিঁপড়ার দল। লোভ-স্বার্থ-ক্ষমতার কাছে মনুষ্যত্ব হেরে যেতে বসেছে। র্যাডক্লিফের মগজ থেকে যে সীমারেখার সূত্র বেড়িয়েছিল তা মাটির সীমানা ছাড়িয়ে বাঙালির অন্তরমহলে পাকাপোক্ত হতে চাইছে। রবীন্দ্রনাথ তবু প্রাণপণে বলছেন, ‘ভয় নেই ভাই, মানবকে মহান বলে যেন।’
সত্যিই কি মানবেরা মহান? নাকি এটাও বইয়ের পাতায় আটকে থাকা কোনো পৌরাণিক শব্দ শুধু?

ডা. মুশতাক হোসেন বাংলাদেশের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মেডিকেল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে মেডিকেল ভর্তি-ইচ্ছুকদের আন্দোলনে সংহতি জানানোর কারণে তাঁকে ওএসডি করা হয়েছিল।
২ ঘণ্টা আগে
বৈশাখ আসে প্রতিবছর। কিন্তু যেভাবে আসে, সেটা প্রতিবারই একটু আলাদা। গ্রামের বটতলায় মেলার সুর ওঠে, শহরের রাস্তায় লাল-সাদা পোশাকের ঢল নামে, দোকানে দোকানে নতুন সাজ। মানুষ ভুলে যেতে চায় পুরোনো বছরের ক্লান্তি। নতুন বছরকে বরণ করতে বুকভরা আশা নিয়ে বেরিয়ে পড়ে পথে।
২ ঘণ্টা আগে
মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণ করতে কত সময় লাগা উচিত? এ প্রশ্নের নানা রকম উত্তর হতে পারে, কিন্তু তা কখনোই আড়াই বছর হতে পারে না। ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামের কাছে প্রায় ৫০০ মিটার সড়ক নির্মাণের জন্য।
২ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস আত্মঘাতী কাজ হয়েছে বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন। তিনি বলেছেন, ‘অধ্যাদেশ রহিতকরণে আমার মনে হয় এরা (সরকার) আত্মঘাতী কাজ করছে।
৬ ঘণ্টা আগে