রাশিয়ার পুরোনো একটা কৌতুক আছে। তখনকার প্রেসিডেন্ট ব্রেজনেভ একদিন ফলের দোকানে গেলেন। দোকানে একটামাত্র তরমুজ। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, তোমার তরমুজের দাম কত?
দোকানদার বলল, কোন তরমুজটা?
ব্রেজনেভ বললেন, দোকানে তো মাত্র একটা তরমুজ। আবার কোন তরমুজটা বলছ কেন?
দোকানদার বলল, জি, এটার দাম ২০০ টাকা।
ব্রেজনেভ টাকা দিলেন।
দোকানদার আবার বলল, কোন ব্রেজনেভকে দেব?
ব্রেজনেভ চটে গিয়ে বললেন, তুমি কতজন ব্রেজনেভকে দেখছ?
দোকানদার শান্তভাবে বলল, একজনকেই দেখছি। কিন্তু আপনিই তো শিখিয়েছেন, আমাদের বেছে নিতে হবে।
এটাকেই বলে নির্বাচন। যেটা একটা, সেটাকেই ‘বেছে নেওয়ার’ অভিনয়। আমাদের দেশেও সেই ব্রেজনেভীয় তরমুজতত্ত্ব চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কি?
দিন কয়েক আগে দেশের দুই মহামান্য প্রধান—একজন প্রধান উপদেষ্টা, আরেকজন প্রধান নির্বাচন কমিশনার—চুপিসারে একান্তে বৈঠক করেছেন। দেশব্যাপী গুঞ্জন, নিশ্চয়ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকেরা ঘাম ঝরিয়ে জানতে চাইলেন, কী কথা হয়েছে?
সিইসি বললেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি কিছু বলেননি।
হায়! তাহলে কী কথা হলো দুই প্রধানের?
অনেকেই ধারণা করছেন, তাঁরা হয়তো পেঁয়াজের দাম, ডিমের সরবরাহ বা গরমে লুঙ্গির সাইজ ছোট হওয়া নিয়ে আলোচনা করেছেন। আবার কেউ বলছেন, তাঁরা হয়তো দুই চায়ের কাপের মাঝে এক নিরপেক্ষ বিস্কুট ভাগ করে খেয়েছেন। কারণ, কথাবার্তায় কিছু হয়নি, কিন্তু ‘চা চক্র’ নিশ্চয় হয়েছে।
আমার পরিচিত একজন অবশ্য বললেন, মনে হয় তাঁরা দুজন বসে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন। সিইসি হয়তো জিজ্ঞেস করেছেন, আপনি কাকে সাপোর্ট করেন? বাংলাদেশ না পাকিস্তান?
প্রধান উপদেষ্টা মাথা নেড়েছেন, নির্বাচনের প্রশ্নে আমরা নিরপেক্ষ থাকি।
তার মানে কী?
মানে তিনি কেবল দেখে যাবেন—কে বল করবে, কে উইকেট নেবে, আর কে ‘ফের কোর্টে যাবে’।
এটা শুনে একজন রাজনৈতিক তাত্ত্বিক বললেন, এটা তো লোভচোর পাড়ার সেই গল্পের মতো। বউ রান্না করল, স্বামী বলল, খেতে পারবে না।
বউ বলল, তাহলে রান্না করলাম কেন?
স্বামী বলল, তোমার স্বাধীনতা, রান্না করা। আমার স্বাধীনতা, না খাওয়া।
যে দেশে ভোটারদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ, সেই দেশে নির্বাচন কমিশন আর প্রধান উপদেষ্টা একসঙ্গে চা খাচ্ছেন, অথচ নির্বাচনের সময় নিয়ে কোনো কথা হয়নি। এটা কেমন কথা?
এদিকে নির্বাচনে অংশ করা না-করা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হতে সমস্যা হচ্ছে বলেও খবর শোনা যাচ্ছে। তবে কি দল একটা থাকলেও জনগণকে ‘পছন্দ’ করতে হবে।
এটাই নির্বাচনের সেরা কৌশল। এটা ঠিক যেন ডিভোর্স হয়ে যাওয়ার পরও ফেসবুকে লেখা থাকে: এটা জটিল সমস্যা!
এদিকে নেতা সাহেবদের অনেকেই ব্যস্ত। কেউ কেউ নাকি মনোনয়ন চিঠি নিয়ে একে অপরের বাড়িতে গিয়ে বলছেন, এইটা আমি জমা দিলাম, আপনি রাখেন। সময় হলে টিভিতে বলবেন, জনগণ চায় বলেই প্রার্থী হলেন।
রোডে যদি আপনি একা হাঁটেন, আর কেউ বলে, ভিড় নেই কেন?
আপনি বলবেন, ভিড় আসবে, সময়মতো।
এভাবে একা হাঁটতে হাঁটতেই আপনি পার হয়ে যাবেন নির্বাচনী বৈতরণী।
ভোট একটা নাগরিক অধিকার হলেও এটা নিয়ে অতীতে তামাশাও কম হয়নি। রাতের ভোট, ডামি ভোট, আমি ভোট, তুমি ভোট! আহা রে কতই না ভোটরঙ্গ!
ঠিক তাই।
আপনার ভোট দেওয়ার স্বাধীনতা আছে। ভোট চাওয়ারও।
আগের সরকার দেশের নির্বাচনীব্যবস্থার বারোটা বাজিয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
নির্বাচন কমিশনও তো নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। হুইসেল বাজলেই ঝাঁপিয়ে পড়বে মাঠে– সিইসিও এটাই জানিয়েছেন।
প্রশ্ন হলো, প্রার্থী এবং ভোটাররা কীভাবে পরিবর্তনের হাওয়া টের পাবেন? হাওয়া বইলে টের পেতে অসুবিধা হবে না।
ভোটাররা স্বাধীনভাবেই ভোট দেবেন, কিন্তু কিসের ভিত্তিতে? নিজের পছন্দ অনুযায়ী প্রার্থী বেছে নেওয়ার স্বাধীনতা সবার আছে—যাকে খুশি বেছে নেবেন। কিন্তু মাঠে যদি একজনই প্রার্থী থাকেন?
তখন মনে রাখবেন, দোকানে তরমুজ একটা থাকলেও কীভাবে বেছে নিতে হয়, সেটা ব্রেজনেভ শিখিয়ে গেছেন।

সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। চাল, ডাল, ডিম, সিলিন্ডার গ্যাস, তেল, মাছ ও মাংস থেকে শুরু করে সবজি পর্যন্ত—এমন কোনো পণ্য নেই যার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। ইরানে আগ্রাসনের কারণে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন খরচ বেড়েছে...
১৯ ঘণ্টা আগে
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের সময় হয়ে এসেছে। তিস্তা চুক্তি হয় হয় করেও দীর্ঘদিন ধরে ঝুলে আছে। দুটি নদীই বাংলাদেশে ঢুকেছে পশ্চিমবঙ্গ হয়ে। দিল্লির ভাষ্য, পশ্চিমবঙ্গের আপত্তিতেই এগোয়নি তিস্তা চুক্তি। এখন কেন্দ্র ও রাজ্য—দুই জায়গাতেই বিজেপি ক্ষমতায়। তিস্তার পানিবণ্টনের বিষয়টি এবার কীভাবে এগোয়, সেটি...
২০ ঘণ্টা আগে
শুনতে যেমনই শোনা যাক, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত এক-দেড় দশকে উপজেলা পর্যায়ে সরকারি হওয়া কলেজগুলোতে চলমান শিক্ষা কার্যক্রমটি একদম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশেষ কোনো প্রতিষ্ঠান কিংবা এলাকা নয়, বলতে গেলে সারা দেশেরই এ এক অভিন্ন চিত্র। কলেজে কলেজে শিক্ষক সংকট খুবই ভয়াবহ।
১ দিন আগে
বাংলাদেশে ওভারিয়ান ক্যানসারকে সাধারণত একটি চিকিৎসাগত সমস্যা হিসেবে দেখা হয়, কিন্তু এটিকে খুব কমই একটি অর্থনৈতিক বোঝা হিসেবে বিবেচনা করা হয়। অথচ প্রতিটি দেরিতে শনাক্ত হওয়া রোগ শুধু একটি জীবনকে ঝুঁকির মুখে ফেলে না, বরং পরিবার এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী আর্থিক চাপ সৃষ্টি করে।
২ দিন আগে