ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজ দেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বাংলাদেশে নতুন সরকার আসার পর এটাই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রীর সফরের তারিখ এখনো চূড়ান্ত না হলেও তিনি সফরের বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে জাতীয় অগ্রাধিকারগুলো সমাধান করেই তিনি চীন সফর করবেন। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও চীন পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সম্ভাবনাময় নতুন এক অধ্যায়ের আভাস দিয়েছে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতার ভিত্তি পুনরায় নিশ্চিত করেছে।
জনগণের জীবনমান উন্নয়ন চীন-বাংলাদেশ সহযোগিতার অন্যতম প্রধান ভিত্তি। তিস্তা মহাপরিকল্পনা পুনরায় শুরু হয়েছে এবং বাংলাদেশ পরিকল্পনা চূড়ান্ত করলেই চীন পুরোদমে তা বাস্তবায়ন শুরুর বিষয়ে প্রস্তুত। প্রকল্পটির প্রথম ধাপ শুরু হওয়ার কথা চলতি ২০২৬ সালের প্রথম দিকে এবং ২০২৯ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এতে মোট বিনিয়োগ হবে ৭৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে চীন জোগান দেবে ৫৫ কোটি ডলার। উচ্চাভিলাষী এই প্রকল্প নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ফলে নদীতীরের লাখো বাসিন্দা সরাসরি উপকৃত হবে। কারিগরি ও আর্থিক সহায়তার পাশাপাশি এই প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাস্তব সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে চীনের অঙ্গীকারের প্রতিফলন। এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে প্রতীয়মান হয় যে টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য অবকাঠামোগত উন্নয়ন কতটা শক্তিশালী হাতিয়ার হতে পারে।
দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতায়ও ব্যাপক অগ্রগতি হয়েছে। ‘হার্ট কানেকশন-ইউনান ট্রিপ’ উদ্যোগ ঢাকার অধিভুক্ত বিদ্যালয়গুলোর পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করে তাঁদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করেছে। এ ছাড়া সিনোপেকের মাধ্যমে চীন শিক্ষা উপকরণ সরবরাহ এবং হুয়াওয়ের সহায়তায় স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন করেছে। এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা ভাষা ও কারিগরি দক্ষতায় প্রশিক্ষণ প্রদান। শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগগুলো কেবল তাৎক্ষণিক প্রয়োজনীয়তাই পূরণ করছে না, বরং তরুণদের ক্ষমতায়ন ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য দীর্ঘমেয়াদি সুযোগও তৈরি করছে। শিক্ষা খাতে সেতুবন্ধ গড়ে তুলে চীন ও বাংলাদেশ এমন একটি প্রজন্ম তৈরি করছে, যারা ভবিষ্যৎ দ্বিপক্ষীয় যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতায় অবদান রাখতে পারবে।
স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে রয়ে গেছে। চীন বাংলাদেশকে ১ হাজার শয্যার চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সহায়তা করেছে, যা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করছে এবং জনস্বাস্থ্য সক্ষমতা বাড়িয়েছে। অবকাঠামোগত সহায়তার মধ্যে রয়েছে মহাসড়ক উন্নয়ন, ফ্লাইওভার নির্মাণ এবং তিস্তা প্রকল্প এগিয়ে নেওয়া। মিঠাপানির ডলফিন পর্যবেক্ষণ এবং ড্রোন প্রযুক্তি হস্তান্তরের মতো যৌথ প্রকল্পসহ প্রযুক্তিগত সহযোগিতাও বিস্তৃত হচ্ছে। এসব উদ্যোগ দ্বিপক্ষীয় সহযোগিতার বহুমাত্রিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করছে, যেখানে উন্নয়ন, প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে সহযোগিতা একসঙ্গে এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগগুলো বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম দিচ্ছে এবং চীনের কৌশলগত অংশীদারত্বের বাস্তব সুফলকে আরও জোরদার করছে।
অর্থনৈতিক ক্ষেত্রেও চীন-বাংলাদেশ সহযোগিতার ফলাফল দৃশ্যমান হচ্ছে। উদাহরণস্বরূপ, পদ্মা সেতু প্রতিবছর বাংলাদেশের জিডিপিতে প্রায় ১ দশমিক ২ শতাংশ অবদান রাখছে এবং প্রায় ৫ লাখ ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ হিসেবে কাজ করার পাশাপাশি এই সেতু দ্বিপক্ষীয় সহযোগিতার পারস্পরিক সুফলের প্রতীক এবং দুই অর্থনীতি যে একে অপরের পরিপূরক, তারও দৃষ্টান্ত। এ ধরনের বিনিয়োগ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করে, শিল্পোন্নয়নে গতি আনে এবং বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য নেটওয়ার্কে অংশগ্রহণের বৃহত্তর সক্ষমতা প্রদান করে। অবকাঠামো, প্রযুক্তি ও সমাজকল্যাণমূলক প্রকল্পের সমন্বয় এমন একটি সহযোগিতা মডেল তুলে ধরে, যা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক; এবং যা পারস্পরিক প্রবৃদ্ধি ও যৌথ সমৃদ্ধির ওপর জোর দেয়।
কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ এবং চলমান প্রকল্পগুলো চীন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। বাংলাদেশের নতুন সরকারের সক্রিয় সম্পৃক্ততা সহযোগিতা গভীর করার অঙ্গীকার প্রকাশ করে, আর চীনের ধারাবাহিক সমর্থন বাংলাদেশের উন্নয়নের প্রতি তার গুরুত্বকে প্রতিফলিত করে। জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও প্রযুক্তি খাতে যৌথ প্রচেষ্টা পারস্পরিক আস্থা জোরদার করছে এবং আরও শক্তিশালী কৌশলগত সম্পর্কের পথ প্রশস্ত করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুই দেশ প্রকল্পভিত্তিক সহযোগিতার বাইরে গিয়ে আরও বিস্তৃত ও গভীর কৌশলগত অংশীদারত্ব অনুসন্ধান করতে পারে।
বিশেষ করে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন-বাংলাদেশ অংশীদারত্ব আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন মডেলের উদাহরণ। এটি অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা, টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সুফলকে অগ্রাধিকার দেয়, যাতে প্রকল্পগুলো মানুষের জীবনে বাস্তব উন্নতি আনে। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চীন ও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক অগ্রগতিও নিশ্চিত করছে। এই মডেল দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কে জনসচেতনতা ও ইতিবাচক মনোভাব বাড়ায় এবং ভবিষ্যৎ সম্পৃক্ততার জন্য শক্ত ভিত্তি গড়ে তোলে। একই সঙ্গে এটি আঞ্চলিক অন্যান্য দেশের জন্যও পারস্পরিক লাভজনক উন্নয়ন অংশীদারত্বের একটি বাস্তব উদাহরণ হতে পারে।
প্রকল্পের বাইরেও চীন-বাংলাদেশ অংশীদারত্বের দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ আস্থা ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করেছে, যা উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশের নতুন সরকারের নীতিমালা ধীরে ধীরে রূপ নিচ্ছে—এমন সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে চীনের সমর্থন জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দ্বিপক্ষীয় ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এসব প্রচেষ্টার মাধ্যমে প্রতীয়মান হয় যে কৌশলগত সহযোগিতা ও জনমানুষকেন্দ্রিক উদ্যোগ একসঙ্গে এগিয়ে যেতে পারে এবং তার সুফল সমাজের সর্বস্তরে পৌঁছায়।
চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করছে। উচ্চপর্যায়ের সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ খাতে বাস্তব উদ্যোগ একটি ভবিষ্যৎমুখী, স্থিতিশীল ও পারস্পরিক সুফলভিত্তিক অংশীদারত্বের ইঙ্গিত দেয়। তিস্তা মহাপরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে উদ্যোগ, স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নের মতো প্রকল্পগুলো বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে চীনের অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এসব সহযোগিতা বাংলাদেশের আঞ্চলিক ভূমিকা জোরদার করছে এবং এসবে প্রতীয়মান হয়, কীভাবে কৌশলগত অংশীদারত্ব অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। ভবিষ্যতে উভয় দেশের উচিত পারস্পরিক আস্থা আরও জোরদার করা, সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা এবং জনগণের মধ্যে সংযোগ বাড়িয়ে আরও উচ্চতর পর্যায়ের সহযোগিতা ও যৌথ সমৃদ্ধি অর্জন করা।
সহযোগিতার এই পর্যায়ের মাধ্যমে স্পষ্ট হয় যে চীন ও বাংলাদেশ শুধু তাদের ঐতিহ্যগত বন্ধুত্বই বজায় রাখছে না, বরং দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সুফলভিত্তিক অংশীদারত্বের একটি নতুন মডেলও গড়ে তুলছে। বাংলাদেশের নতুন সরকারের সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং চীনের অভিজ্ঞতা ও বাস্তব সহায়তার সমন্বয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন, সমাজকল্যাণ ও আঞ্চলিক স্থিতিশীলতার একটি কাঠামো প্রদান করে। গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকলে চীন-বাংলাদেশ সম্পর্ক সফল সহযোগিতার একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে, যা জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনবে এবং আঞ্চলিক সমৃদ্ধিকে আরও জোরদার করবে।
ভাষান্তর: রাজিউল হাসান

আবার কি পৃথিবী অশান্ত হয়ে উঠল? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মানবসভ্যতা অনেকবার এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পড়েছে। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অন্য সময়ের চেয়ে উদ্বেগ কিছুটা বেশিই বলে মনে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন দেশের অর্থনীতি ভঙ্গুর। আওয়ামী রেজিমের ব্যাংক লুটপাটের ধকল সামলে মাথা তুলে দাঁড়াতে পারেনি ১০টি ব্যাংক। ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়সীমার অনিশ্চয়তার কারণে ব্যবসা-বাণিজ্যে...
৫ ঘণ্টা আগে
কাউকে না জেনে না বুঝে কোনো ‘ট্যাগ’ দেওয়ার আগে ভাবুন—এক ট্যাগেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। যেমনটা হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের এক কর্মচারীকে নির্দিষ্ট ট্যাগ দিয়ে তাঁকে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে যে তিনি বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপিকাকে হত্যা...
৫ ঘণ্টা আগে
রাজনীতির ময়দানটাকে কি হত্যার মাঠে পরিণত করার বাসনা মনে পুষছেন কেউ কেউ? এই তো রংপুরের এক যুবদল নেতা যখন কেব্ল প্রতিষ্ঠানের একজন জিএমকে ফোন করে বউ-বাচ্চাসহ গুলি করে আসার হুমকি দেন, তখন বুঝতে হয় এই রাজনৈতিক ধারা থেকে নৈতিকতাই উধাও হয়ে গেছে। ইউনূস সরকারের শাসনের সময় মবতন্ত্র-আতঙ্ক জাগাত...
১ দিন আগে