আজকের পত্রিকার অনলাইন সংস্করণে একটা ব্যতিক্রমী সংবাদ ছাপা হয়েছে। দেশে যখন প্রচণ্ড দাবদাহ চলছে এবং জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারণে কৃষকেরা ভালোভাবে জমিতে সেচ দিতে পারছেন না, সেই সময়ে ঠাকুরগাঁওয়ের মোলানী গ্রামের সোলেমান আলীর উদ্ভাবিত ‘ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র’ ওই এলাকার মানুষের কাছে আশীর্বাদ হিসেবে উপস্থিত হয়েছে।
সোলেমান আলীর উদ্ভাবিত ২ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার এই সৌরপাম্প সূর্যের আলোর মাধ্যমে প্রতি মিনিটে ৭০০ লিটার পানি উত্তোলন করছে। যেখানে একসময় কৃষকদের চাতক পাখির মতো বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হতো, কিংবা ড্রামভর্তি তেল নিয়ে মাইলের পর মাইল ছুটতে হতো, সেখানে এখন রোদ বাড়লেই কৃষকের মুখে হাসি ফোটে। প্রকৃতির এই রোদের শক্তিকে কাজে লাগিয়ে সেচকাজ পরিচালনা করা যেমন পরিবেশবান্ধব, তেমনি এটি কৃষকের উৎপাদন খরচও অনেক কমিয়ে দিয়েছে। তাঁর এই উদ্যোগের সবচেয়ে ভালো দিক হলো, তিনি কেবল নিজের লাভের কথা ভেবে কাজটি করেননি। তাঁর কাছে থাকা ২৬টি পাম্পের মধ্যে ২০টি তিনি কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে ভাড়া দিচ্ছেন। এতে প্রান্তিক কৃষকদের বেশি দামে পাম্প কিনতে হচ্ছে না এবং তাঁরা কম খরচে জমিতে সেচ দিতে পারছেন। আর তিনি পাম্প ভাড়া দিয়ে ভালোই আয় করছেন।
সামনে যে দেশের জ্বালানির সংকট আরও বাড়বে, তা অস্বীকার করার সুযোগ নেই। এ সময়ে আমাদের জরুরি ভাবনা হলো বিকল্প জ্বালানির দিকে নজর দেওয়া। কত দিন আমরা এভাবে পরনির্ভর হয়ে অর্থাৎ, জ্বালানি খাতে আমদানিনির্ভর হয়ে থাকব?
বর্তমানে ওই এলাকায় সোলেমান আলীর তৈরি পাম্প দিয়ে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও স্বীকার করেছে, বর্তমান জ্বালানি সংকটের এই সময়ে একটি টেকসই সমাধান ওই পাম্পের মাধ্যমে করা সম্ভব। কিন্তু সন্দেহ হয়, সরকার কি এসব উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা দিতে চাইবে? সরকারের চেয়ে বড় সমস্যা আমলাতন্ত্র। কৃষি বিভাগের বড় কর্তারা এ উদ্যোগকে কি সামনে এগোতে দেবেন?
প্রশ্নগুলোকে এক পাশে রেখে আমরা প্রত্যাশা করতে চাই—সরকারি সহায়তায় এই প্রযুক্তিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হোক। তাহলে সেচকাজে ব্যবহৃত হাজার হাজার টন ডিজেলের সাশ্রয় যেমন হবে, তেমনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করাও সম্ভব হবে।
সোলেমানের এই উদ্ভাবন যেন আমলাতান্ত্রিক জটিলতায় হারিয়ে না যায়, সে জন্য কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাঁর এই ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র মডেলটিকে সারা দেশে ছড়িয়ে দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। প্রান্তিক পর্যায়ের এমন উদ্ভাবনী উদ্যোগকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলে দেশেরই লাভ হবে।
সূর্য যে কেবল উত্তাপ ছড়ায় না, বরং কৃষকের মুখে স্বস্তির হাসিও ফোটাতে পারে—সোলেমান আলী সেটিই প্রমাণ করেছেন। এখন জরুরি হলো রাষ্ট্রকে তাঁর পাশে দাঁড়ানো।

কেউ বিশ্বাস করবে না, এ রকম এক মামলায় এক মা ও তাঁর দেড় মাস বয়সী শিশু জেলখানা ঘুরে এল। শিশু কোলে নিয়ে মায়ের সেই ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই মাকে গ্রেপ্তার করেছে যে পুলিশ সদস্যরা, তাঁদের ‘বীরপুঙ্গব’ হিসেবে পুরস্কৃত করা উচিত। সরকারি দলের যে আইনজীবী এই অসহায় নারী ও শিশুর জামিন দেওয়া কেন উচিত...
৬ ঘণ্টা আগে
দেশের জনগণ কি কোনো সম্ভাবনার স্বপ্ন দেখছে আর? শঙ্কা নিয়ে মনে, তারা কি ভাবছে, যায় দিন ভালো, আসে দিন খারাপ? এই তো, ফেব্রুয়ারি মাসে হয়ে গেল জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে যে কথামালার রাজনীতি হয়েছে, তাতে কি খুব একটা বুদ্ধিদীপ্ত কথাবার্তা শোনা গেছে? শোনা গেছে শিক্ষা নিয়ে কথা? স্বাস্থ্য নিয়ে কথা?...
৬ ঘণ্টা আগে
১৮ এপ্রিল মধ্যরাতে অনেকেই ঘুমিয়ে ছিলেন। সেই সময়েই এমন একটি সিদ্ধান্ত হলো, যার প্রভাব সকাল থেকেই প্রতিটি পরিবারের খরচে পড়েছে। লিটারপ্রতি কয়েক টাকা বাড়তি অঙ্ক কাগজে ছোট মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর ওজন অনেক বেশি। ভোরে সেচপাম্প চালানো কৃষক, বাসে চড়ে কাজে যাওয়া শ্রমিক, কেরোসিনের আলোয় সন্তানের...
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দুই মাসে গড়াতে চলল। এরই মধ্যে এক দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যে একবার আলোচনার টেবিলেও বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যস্থতায় ছিল পাকিস্তান। কিন্তু সে আলোচনা ফলপ্রসূ তো হয়ইনি, বরং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করেছে।
১ দিন আগে