প্রতিবছর উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয় কিছু পরিবারের জন্য। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, এবার ঈদের আগে-পরে ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জনের প্রাণহানি ঘটেছে।
এর মধ্যে শুধু সড়কেই প্রাণ হারিয়েছে ৩৫১ জন। গত বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনা প্রায় ৮.৯৫ শতাংশ এবং প্রাণহানি ৮.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বরাবরের মতোই দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। দুর্ঘটনার ৩৬.১২ শতাংশই মোটরসাইকেল দ্বারা ঘটেছে এবং প্রাণ হারিয়েছে ১৩৫ জন। এরপর দুর্ঘটনায় জড়িত যানবাহনের তালিকায় আছে ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস। মহাসড়কে বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য এবং বেহাল সড়কও দুর্ঘটনার অন্যতম কারণ।
এবারের ঈদযাত্রায় এত বেশি মৃত্যুর কারণ হলো, পরিবহন খাতে স্বার্থান্বেষী মহলের প্রভাব কমেনি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বক্তব্য থেকে জানা যায়, বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের চাপে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর নীতিনির্ধারণী সভায় যাত্রী বা নাগরিক সমাজের কোনো প্রতিনিধি রাখা হয়নি। যখন একটি খাতের নীতিমালার নিয়ন্ত্রণ শুধু মালিকপক্ষের হাতে চলে যায়, তখন জনস্বার্থ উপেক্ষিত হওয়া স্বাভাবিক। সড়ক পরিবহনমন্ত্রী অনেক চটকদার কথা বললেও বাস্তবতার সঙ্গে তাঁর সেই বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। সরকারের মনিটরিং ব্যবস্থা কেন বাস মালিক সমিতির দ্বারা প্রভাবিত হলো, সে প্রশ্নটি গুরুতর। অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা হলেও পরিবহন খাতে একধরনের শৃঙ্খলা ও স্বস্তি দেখা গিয়েছিল, সেখানে বর্তমান সময়ে ভাড়া নৈরাজ্য ও বিশৃঙ্খলা ফিরে আসা হতাশাজনক।
সড়ক দুর্ঘটনা ঘটে মূলত বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অনেক ক্ষেত্রে অদক্ষ চালক এবং সড়কের ফিটনেস না থাকার কারণে। পাশাপাশি চালকদের ক্লান্তি এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়নাও কাজ করে।
যদি সদিচ্ছা থাকে, তাহলে একটি নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তোলা অসম্ভব ব্যাপার নয়। সড়ক দুর্ঘটনা কমাতে হলে সবার আগে পরিবহন খাতের নৈরাজ্য নিয়ন্ত্রণে আনতে হবে। দক্ষ চালক ও ফিটনেস সম্পন্ন গাড়ি ছাড়া দুর্ঘটনা রোধ করা যাবে না। পাশাপাশি মহাসড়কে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কঠোরভাবে নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া ঠিক হবে না। আর মালিক-শ্রমিক সংগঠনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকারি মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।
সরকারের উচিত এখনই এই সমস্যাকে আমলে নিয়ে পরিবহন খাতের ত্রুটিগুলো চিহ্নিত করা এবং নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নেওয়া। জনগণের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গেলে তা সরকারের জন্য ভালো ফল বয়ে আনবে না। আমরা আশা করব, ভবিষ্যতে ঈদের আনন্দ যেন এভাবে লাশের কাছে ম্লান হয়ে না যায়। শুধু ঈদের আগে-পরে নয়, কখনোই এ ধরনের দুর্ঘটনা কাম্য হতে পারে না।

ইরান যুদ্ধের এক মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত এই যুদ্ধের গতিপ্রকৃতি বোঝা যাচ্ছে না। দিন যত যাচ্ছে, পরিস্থিতি তত জটিল হচ্ছে। জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হয়ে বিশ্ববাজার অস্থির। খোদ মার্কিন সংবাদমাধ্যমগুলোই জানিয়েছে, ইরানের সরকারের চেয়ে দেশটির তেলে নজর বেশি ট্রাম্পের। ওয়াল স্ট্রিট জার্নাল আরেকটু এগিয়ে...
৪ ঘণ্টা আগে
ইতিহাসের পাতায় মাঝেমধ্যে এমন এক মাহেন্দ্রক্ষণ আসে, যখন বাতাসের গন্ধে পরিবর্তনের ঘ্রাণ পাওয়া যায়, যখন মজলুমের দীর্ঘশ্বাস আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হয়। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আকাশে-বাতাসে সেই মহাবিপ্লবের পদধ্বনি শোনা গেছে। মার্কিন-ইসরায়েলি সাম্রাজ্যবাদের যে দম্ভ একসময় অপরাজেয় মনে হতো...
৪ ঘণ্টা আগে
মৃত্যু জেনেও পতঙ্গ যেভাবে আলোর দিকে এগিয়ে যায়, তেমনি ইউরোপে গিয়ে ভাগ্য বদলাতে আমাদের দেশ থেকে মানুষ পাড়ি দেয় বন্ধুর পথ। খুবই বেদনাদায়ক একটি সংবাদ দেখা গেছে আজকের পত্রিকায়।
১ দিন আগে
সাহিত্যে আমরা বীরদের বীরত্বের খবর অহরহ পাই, অন্তঃপুরচারিণীদের কথা কম আসে। কিন্তু যখন আসে, তখন বোঝা যায়, কি সহনশীলতায়, কি বাস্তব বুদ্ধিতে, কিংবা কৌতুকপ্রিয়তায় এরা কম উজ্জ্বল নয়। রামের কথা পাওয়া যায়, সীতার অনুভূতির বিষয়ে জানবার ও জানাবার মানুষ নেই। নইলে দেখা যেত সেই মানবিক কাহিনিও আরেক অমর...
১ দিন আগে