বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন হয়েছে ভাই। সিলেটের জকিগঞ্জে ঘটেছে এই ঘটনা। খেলা দেখার সময় উত্তেজনায় চিৎকার করে উঠলে চাচাতো ভাই নিষেধ করেছিলেন। তা নিয়েই ছড়ায় আরও উত্তেজনা। এক ভাইয়ের হাতে উঠে আসে ছুরি এবং কোনো রকম ভাবনা-চিন্তার মধ্যে না গিয়ে তিনি সেই ছুরি বসিয়ে দেন চাচাতো ভাইয়ের পেটে। খেলা দেখা লাটে ওঠে। হামলাকারী পালিয়ে যান আর ধুঁকতে থাকা ভাই মারা যান।
আটলান্টিকের অপর পারে বিশ্বকাপ নামক যে উন্মাদনা সারা বিশ্বকে উত্তপ্ত করে রেখেছে, তারই আঁচে হত্যাকাণ্ডের শিকার হলেন সুদূর বাংলাদেশের সিলেটের নিভৃত এক অঞ্চলের একজন মানুষ, এর কি কোনো অর্থ হয়? খেলাটি ছিল ইংল্যান্ড এবং ডিআর কঙ্গোর মধ্যে। যদি ধরেও নেওয়া হয় ইংল্যান্ড বা কঙ্গোর সমর্থক হিসেবে উত্তেজনা চলছিল, তাতেও মেনে নেওয়া যায় না যে স্রেফ চিৎকারের কারণে ছুরি উঠে আসবে কারও হাতে এবং তা দিয়ে হত্যা করা হবে আরেকজনকে।
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে চিরাচরিতভাবে যে উন্মাদনার সৃষ্টি হয়, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর প্রবল দাপটের পাশাপাশি এখন ফ্রান্স, জার্মানিসহ নতুন নতুন অনেক দলের প্রতি সমর্থন বাড়তে দেখা যাচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরানসহ আরও কিছু অ-ইউরোপীয় ও অ-লাতিন দেশের প্রতিও ধীরে ধীরে সমর্থক গোষ্ঠীর সৃষ্টি হচ্ছে। ফুটবলও আর আগের মতো কোনো একক দলের কবজায় নেই। যেকোনো সময় যেকোনো দল যেকোনো দলকে পরাজিত করার সামর্থ্য রাখে। জার্মানি যেভাবে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেটাই এই বিশ্বকাপের একমাত্র নাটকীয় ঘটনা নয়। নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে এ রকম ঘটনা ঘটতেই থাকবে। জার্মানির পরাজয়কে আমরা অঘটন বলছি না, ঘটনাই বলছি। কারণ হলো, কোনো দলকেই এখন আর দুর্বল দল হিসেবে চিহ্নিত করা সমীচীন নয়।
ফুটবল নিয়ে বাঙালির এই চরম আবেগ এবং তার বহিঃপ্রকাশ কখনো কখনো খেলাধুলার মূল স্পিরিটকে ম্লান করে দেয়। আমাদের দেশের রাজনীতিতেও যেমন চরম প্রতিহিংসা, দলাদলি এবং মাস্তানির বহিঃপ্রকাশ দেখা যায়, তারই প্রতিফলন দেখা যায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে। একই পরিবারের বিভিন্ন দল সমর্থন করা সদস্যরা একে অন্যের প্রতি চরম বৈরী হয়ে ওঠেন। খেলার আনন্দকে উপভোগ না করে তা অঘটনের পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্যে আর যাই থাকুক স্পোর্টসম্যান স্পিরিট থাকে না।
জকিগঞ্জের এই হত্যাকাণ্ড কি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কোনো শিক্ষা দেবে? খেলা নিয়ে একে অপরের প্রতি মানুষের চরম বৈরী ভাবকে কি একটু সংযত করবে? কোথাকার কোন ভিনদেশি মাঠে কোথাকার কোন খেলোয়াড়েরা তাঁদের নিজ দেশের হয়ে খেলে যাচ্ছেন আর বাংলাদেশে তাঁদের সমর্থকেরা একে অন্যকে শত্রুতে পরিণত করছে, হত্যা করছে—এ এক চরম লজ্জার বিষয়। বিশ্বকাপের উত্তেজনা অনুভব করুন, কিন্তু তা নিয়ে বিদ্বেষ ছড়াবেন না—এটা আমরা কবে শিখব?

আলতাফ পারভেজ লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনঃপাঠ’, ‘শ্রীলঙ্কার তামিল ইলম’, ‘গ্রামসি ও তাঁর রাষ্ট্রচিন্তা’ প্রভৃতি তাঁর গুরুত্বপূর্ণ বই।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের ভান্ডার। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে হাওর বিস্তৃত। এ হাওরগুলো শুধু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নয়...
৩ ঘণ্টা আগে
আমার বয়সী অনেক বন্ধু বলে, বন্ধু, আসো না একদিন একটু আড্ডা দিই। শুনে হাসি পায়। আড্ডা দেওয়ার জন্য এ রকম আমন্ত্রণ জানাতে হয়! আমার নীরবতা লক্ষ করে তারপর বলে, এসো খাওয়া-দাওয়া হবে, অনেক দিন পরে আমরা বেশ কয়েকজন একসঙ্গে আড্ডায় মেতে উঠব।
১ দিন আগে
বিশ্বকাপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মিলনমেলা। কোটি কোটি মানুষ তখন একসঙ্গে হাসে, কাঁদে, উদ্যাপন করে। ২০২৬ বিশ্বকাপও সেই উৎসবেরই অংশ। কিন্তু সবার জন্য বিশ্বকাপের অভিজ্ঞতা এক নয়। মাঠে খেলা শুরু হওয়ার আগেই কিছু খেলোয়াড়, সমর্থক ও কর্মকর্তাকে মুখোমুখি হতে হয়েছে এমন এক বাস্তবতার...
১ দিন আগে