টাকা কামানো আজকাল খুব সহজ হয়ে গেছে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—সবাই পারবেন, শুধু মাথাটা এদিক-সেদিক নাড়িয়ে নিতে হবে। এর আগে পৌঁছাতে হবে বগুড়ার শাজাহানপুর উপজেলার এক মুরগির খামারে, নয়তো ডেমাজানি ব্রিজের কাছে একটি গুদামে। সেখানে গিয়ে ফিটফাট হয়ে কয়েকটা ছবি তুলে বা ভিডিও করলে পাওয়া যায় ৫০০ টাকা।
শেরপুর উপজেলার মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী যদি স্কুলে ব্যাগ রেখে ৫০০ টাকা পাওয়ার লোভে ওই মুরগির খামারে না যেত, তাহলে হয়তো টাকা উপার্জনের এই সহজ পন্থা আজকের পত্রিকায় ছাপা হতো না। সেখানে গেলে তাদের ভিডিও ধারণ এবং ফেস ভেরিফিকেশন করা হয়। ওই স্কুলের আরেক শিক্ষার্থী প্রায় তিন মাস আগে এক বন্ধুর মাধ্যমে মুরগির খামারটির সন্ধান পায়। সে অবশ্য তখন ২০০ টাকা পেয়েছিল। তবে আরও টাকার বিনিময়ে সে অন্যদের সেখানে নিয়ে যাওয়া শুরু করে। দুশ্চিন্তার বিষয়, এই শিশু-কিশোরেরা বুঝতে পারেনি যে তাদের ব্যক্তিগত তথ্য পাচার করা হচ্ছে বিদেশে।
স্কুল পালিয়ে এ ধরনের অনৈতিক কাজে যুক্ত হওয়া এবং টাকার লোভে পড়ার মতো ঘটনা শিশু-কিশোরদের ভবিষ্যৎ বিপদের দুয়ারে দাঁড় করিয়ে দেয়। মাত্র ২০০ বা ৫০০ টাকার বিনিময়ে একজন কিশোরের মুখের জৈবিক পরিচিতি বা বায়োমেট্রিক তথ্য কোথায় ব্যবহৃত হচ্ছে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। অর্থের বিনিময়ে শিশুদের ব্যবহার করে একটি অজ্ঞাত ডিজিটাল কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে—এটি অভিভাবক ও প্রশাসন উভয়ের জন্য গুরুতর সতর্কবার্তা।
সাব্বির হাসান রাকিব নামের এক স্থানীয় তরুণ এই কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি স্বীকার করেছেন, ৫০০ টাকার বিনিময়ে ছবি তোলেন এবং ফেস ভেরিফিকেশন করেন। এর আগে সৈকত ও মামুন নামের দুই তরুণের সঙ্গে তিনি কাজ করতেন, যাঁরা সহস্রাধিক ব্যক্তির পাসপোর্টের ছবি, পরিচয়পত্রের তথ্য নিয়েছেন এবং ফেস ভেরিফিকেশন করেছেন। কারও পাসপোর্টের ছবি কোনো গুদামে কিংবা মুরগির খামারে তোলা হয়—এমন কথা কেউ কখনো শুনেছেন। রাষ্ট্র কি খামাখা পয়সা খরচ করে জনগণের জন্য পাসপোর্ট অফিসের ভবন নির্মাণ করেছে।
স্কুল পালিয়ে ৫০০ টাকা রোজগারের এই পন্থা আমাদের মানসিক দৈন্যের বহিঃপ্রকাশ। টাকার কাছে তাদের গুরুত্বপূর্ণ তথ্য বিকিয়ে যাচ্ছে, এটা জানতে পারছে না এই কিশোরের দল।
বগুড়ার এই ঘটনায় কেন অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হচ্ছে না, যেখানে শাজাহানপুরের রহিমাবাদ এলাকার সাবেক সেনাসদস্য আমিরুল ইসলাম থানায় সৈকতের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশের কাছে অবশ্য একটা উত্তর আছে—‘কেউ একজন মৌখিকভাবে অভিযোগ করেছিলেন। পরে উভয় পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নেয়।’
বোঝা গেল, অপরাধ সংঘটিত হোক বা না হোক, লিখিত অভিযোগ না পেলে তদন্ত হবে না। এই মন খারাপ করা সংস্কৃতি থেকে কবে বের হবে বাংলাদেশ।

ড. তৌহিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। অপরাধ, অপরাধ-অর্থনীতি, অপরাধের সমষ্টিভিত্তিক সমাধান, অপরাধের রূপান্তর প্রসঙ্গ নিয়ে গবেষণা ও লেখালেখি করেন।
৪ ঘণ্টা আগে
আগে লোকালয়ের কাছাকাছি বা বড় কোনো গাছে বা বাঁশঝাড়ে যে ছোট বাঘটিকে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ত, সেটিই মেঘলা চিতা। মানুষ এদের আক্রমণাত্মক মনে করত। আদতে এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং বনেই লুকিয়ে থাকতে পছন্দ করে।
৪ ঘণ্টা আগে
একি খেলা বিমানবন্দরে! ইমিগ্রেশন পুলিশের মনে হয়েছে একটু দাদাগিরি করবে! বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে নেপালের পথে রওনা হয়েছিলেন তিন নারী। কিন্তু অদ্ভুত এক কারণে তাঁদের যাত্রা বাতিল করতে হয়। আর এ জন্য সম্পূর্ণ দায়ী ইমিগ্রেশন পুলিশ।
১ দিন আগে
আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দখল একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দখলের সীমানা বন-পাহাড়-নদী-সমুদ্র পর্যন্ত বিস্তৃত। কখনো কখনো কোনো সরকারের মধ্যে সদিচ্ছা জাগে বেদখল নদী, রেলওয়ের জায়গা এবং খাসজমি দখলমুক্ত করতে।
১ দিন আগে