
রাজধানীর তুরাগ এলাকা থেকে ঈদুল ফিতরকে সামনে রেখে ছাপানো প্রায় ২৫ লাখ টাকারও বেশি জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার দুজন হলেন–ফেনীর ফুলগাজী উপজেলার নাইমুল ইসলাম ইশান (১৯) এবং সদর উপজেলার কেফায়েত উল্লাহ (১৯)। তাঁরা ফেনী থেকে পড়াশোনার জন্য এসে ঢাকার একটি কলেজ থেকে গত বছর উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। এই কারবারের পাশাপাশি দুজনই বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে র্যাবের কাছে দাবি করেছেন।
আজ শুক্রবার গণমাধ্যমকে র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল তুরাগের ডলিপাড়া এলাকায় এ অভিযান চালায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চারতলা একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। উদ্ধার হওয়া নোটগুলোর প্রতিটির ক্রমিক নম্বর ছিল একই ‘ঝ শ ১৩৫৯১৪৭’। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজন সুসংগঠিত জাল নোট কারবারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি জাল নোট তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তাঁরা। ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে এসব জাল নোট ছাপানো হয়েছিল।
র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে দফায় দফায় যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এই ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট দিয়েই গত ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল।
২ ঘণ্টা আগে
আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে এবার টানা ৭ দিনের ছুটির কারণে ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬৭ এবং আহত ১৩৭। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের হার ৩৩.৭০ শতাংশ।
১২ ঘণ্টা আগে