Ajker Patrika

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সংসদে দ্বিতীয় প্রজন্মের ২০ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সংসদে দ্বিতীয় প্রজন্মের ২০ জন
(বাঁ থেকে) তারেক রহমান, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ ইসলাম, ফারজানা শারমিন পুতুল, ইশরাক হোসেন ও নায়াব ইউসুফ। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিজয়ী হয়েছেন। এই বিজয়ের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে পা রাখবেন জাতীয় সংসদে। তাঁর মতো বাবা কিংবা মায়ের উত্তরসূরি হিসেবে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আরও ১৯ জন।

দ্বিতীয় প্রজন্মের এই ১৯ জনের বেশির ভাগ বিএনপির। জামায়াতে ইসলামীর রয়েছেন দুজন এবং অন্য দল ও স্বতন্ত্র হিসেবে বিজয়ী রয়েছেন একজন করে।

প্রয়াত খালেদা জিয়া বগুড়া-৬ আসন থেকে তিনবার বিজয়ী হয়েছিলেন।

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিজয়ী বিএনপির শামা ওবায়েদ ইসলাম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে। ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ এবার একই আসনে জয় পেয়েছেন।

পঞ্চগড়-১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। এই আসনের একসময়ের এমপি ছিলেন তাঁর বাবা সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার।

যশোর-৩ (সদর) আসনে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম। ওই আসনে এবার বিজয়ী হয়েছেন তাঁর ছেলে অনিন্দ্য ইসলাম অমিত।

ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

চট্টগ্রাম-৫ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের বাবা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। চট্টগ্রাম-৭ আসনের বিজয়ী হুমাম কাদের চৌধুরী বিএনপির প্রয়াত নেতা সাবেক এমপি সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম-১০ আসনে জয় পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক এমপি প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

নাটোর-১ আসনে বিজয়ী বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ওই আসনের চারবারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। গাজীপুর-২ আসনে জয় পেয়েছেন সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি।

পিরোজপুর-২ আসনে বিজয়ী আহম্মদ সোহেল মনজুর ১৯৯৬ সালে এই আসনে বিজয়ী বিএনপির এমপি নূরুল ইসলাম মঞ্জুর ছেলে। শেরপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ওই আসনের বিএনপিদলীয় সাবেক এমপি জাহেদ আলী চৌধুরীর ছেলে।

ময়মনসিংহ-৯ আসনে জিতেছেন ইয়াসের খান চৌধুরী। তাঁর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী এই আসনের সাবেক এমপি এবং জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।

মানিকগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মইনুল ইসলাম খান শান্ত সাবেক শিল্পমন্ত্রী ও সাবেক এমপি শামসুল ইসলাম খানের ছেলে। মৌলভীবাজার-৩ আসনে বিজয়ী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান। ২০০১ সালের উপনির্বাচনে তিনি এই আসনে প্রথম বিজয়ী হয়েছিলেন।

বিএনপি জোটের প্রার্থীকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী রুমিন ফারহানা ভাষাসৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে।

ভোলা-১ আসনে বিজয়ী হয়েছেন নাজিউর রহমান মঞ্জুর ছেলে বিজেপির আন্দালিভ রহমান পার্থ, পিরোজপুর-১ আসনে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এবং পাবনা-১ আসনে মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত