Ajker Patrika

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৪: ১৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোনয়ন চূড়ান্ত করেন। আর বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগও করেছেন মির্জা ফখরুল।

আজ বৃহস্পতিবার এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণের জন্য সেদিন সংসদের বৈঠকও ডাকা হয়েছে।

রাষ্ট্রপতি পদে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সরকারি দল বিএনপি দুটি এবং সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট একটি মনোনয়ন ফরম নিয়েছে।

রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র বেলা ১১টায় জমা দেওয়া হয়। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের দিকে জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

তবে সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা প্রায় পরিষ্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত