Ajker Patrika

ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ৩৪
ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

পতিত ফ্যাসিবাদী ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চব্বিশে আমরা পলাতক স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

আজ বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় আবারও এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সংসদে মতের ভিন্নতা থাকবে, যুক্তির লড়াই থাকবে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক বিতর্কও থাকবে। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্য এবং সংসদের বাইরের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকতে পারে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষের আত্মত্যাগ, গুম, খুন ও নির্যাতনের পরও এই অপশক্তির চরিত্রে পরিবর্তন আসেনি। দেশের ভেতরে কিংবা বাইরে, সুযোগ পেলেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহেও এর প্রমাণ পাওয়া যাচ্ছে।

তারেক রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও নির্দেশনায় রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেওয়া এবং মানুষ হত্যার তালিকা তৈরির মতো উসকানি দেখা গেছে। সন্ত্রাস, হামলা, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতির গণতান্ত্রিক চর্চায় কোনো স্থান নেই। রাজনীতি কখনো সন্ত্রাস কিংবা মানুষ হত্যার লাইসেন্স হতে পারে না।

তারেক রহমান বলেন, দেশের ভেতরে বা বিদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। যারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কারও গোলামি মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও জীবন দেয়নি। নতুন কোনো আধিপত্য কিংবা গোলামির শৃঙ্খল মেনে নেওয়ার জন্য মানুষ আত্মত্যাগ করেনি। যারা দেশের ভেতরে ও বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যের পুনরুল্লেখ করে বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ এই অঙ্গীকার ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ২০০৯ সালের পর দেশে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে।

তারেক রহমান বলেন, ওই সময়ে দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী দল ও ভিন্নমতের মানুষ নিরাপদ বোধ করতেন না। গুম, খুন, অপহরণ ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা ও কার্যকারিতা হারিয়েছিল। ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন কোটি কোটি মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার হরণের স্মারক হয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী ক্ষমতা টিকিয়ে রাখতে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে নজিরবিহীন দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল। হাজারো মানুষের জীবন বিপন্ন হয়েছে, অনেকে আহত ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। তবে আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মুখে স্বৈরাচারী শক্তি শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশ বিপর্যস্ত ছিল। প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে সরকার দেশে-বিদেশে উদ্যোগ নিয়েছে।

তারেক রহমান বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা সরকারের অন্যতম লক্ষ্য। রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার মতো বড় চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ ওই যুদ্ধের কোনো পক্ষ না হলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতির নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি। ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখতে জ্বালানি খাতে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

তারেক রহমান বলেন, বিগত সরকারের ব্যর্থতার কথা বলে নিজেদের দায়িত্ব এড়াতে চায় না বর্তমান সরকার। জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, ডাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং চলছে। রমজান সামনে রেখে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে।

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তির বিকাশ ঘটবে। তবে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে এখনই চূড়ান্ত বিনিয়োগ চুক্তি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এ বিষয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রশ্নের জবাব আগামী অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উৎপাদনব্যবস্থা ব্যাহত করার অপচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, দেশের পোশাকশিল্পকে দুর্বল করে অন্য কোনো দেশকে সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে কি না। এ বিষয়টি গভীরভাবে ভেবে দেখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সরকার সচেতন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো উসকানিতে পড়ে নিজেদের কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস করা উচিত নয়। যে কারখানা তাঁদের জীবিকার সংস্থান করে, সেটি ধ্বংস হলে শ্রমিক, মালিক ও দেশের অর্থনীতি—সবাই ক্ষতিগ্রস্ত হবে। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করার অধিকার থাকলেও কর্মস্থল রক্ষার বিষয়টি শ্রমিকদের নিজেদের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত