Ajker Patrika

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনকে সাক্ষাৎ দিলেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনকে সাক্ষাৎ দিলেন প্রধানমন্ত্রী
তাহসিনকে নিজের কার্যালয়ে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানোর পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক ক্রীড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে হাসিমুখে এগিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠ প্রদক্ষিণ করার সময় তাহসিনের হাসিমুখের একটি ছবি ক্যামেরাবন্দি হয়।

পরবর্তীতে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিজের বড় বোন তাসনিয়াকে হারায় তাহসিন। তখন তাহসিন ছিল ষষ্ঠ শ্রেণিতে এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে। দুর্ঘটনাটি ঘটেছিল তাসনিয়ার শ্রেণিকক্ষ ভবনে।

দুর্ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়া তাহসিনের কথা জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এরপর আজকের এই সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, শখ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন।

পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি শখের কথা জানিয়ে তাহসিন প্রধানমন্ত্রীকে বলে, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায় যার মাধ্যমে মানুষের কল্যাণ হয়।

প্রধানমন্ত্রী তাহসিনকে মনোযোগ দিয়ে পড়াশোনা করা ও নিয়মিত খেলাধুলার পরামর্শ দেন। আলাপচারিতা শেষে তিনি নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোনসেট উপহার হিসেবে তাহসিনের হাতে তুলে দেন।

সাক্ষাৎ শেষে তাহসিন সাংবাদিকদের বলে, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আমার জন্য একদম সারপ্রাইজ ছিল। তিনি খুব আন্তরিকভাবে কথা বলেছেন, যার কারণে আমার নার্ভাস লাগেনি। স্কুলে গিয়ে বন্ধুদের এই অভিজ্ঞতার কথা শোনাব।’

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় সন্তান হারানো নাজমুল হকের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত