
ওয়েব ডেভেলপার প্রতিষ্ঠান সফট বিডি ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকল করে সরকারি ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়ন তৈরি করেছিল বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য বাতায়নের সোর্স কোডের মধ্যে পর্নো সাইটের লিঙ্ক পাওয়া গিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন ফয়েজ আহমদ। পোস্টে তিনি সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা ও সফটওয়্যার ব্যবস্থাপনায় সোর্স কোড সংরক্ষণ না থাকার কারণে দীর্ঘদিন ধরে ভেন্ডরনির্ভরতা ও নিরাপত্তাঝুঁকির বিষয়টি তুলে ধরেন।
ফয়েজ আহমদ লিখেছেন, ‘বাংলাদেশ সরকারের কাছে সোর্সকোড রেপোজিটরির ধারণা, সুস্পষ্ট ম্যান্ডেট এবং কার্যপদ্ধতি কোনটাই ছিলো না। সোর্সকোড কী, কীভাবে সংরক্ষণ করা যায়, সোর্স কোডের বিষয়ে জাতীয় নীতিমালা কেমন হতে পারে, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পাবার পরে তারা এসব বিষয় সামনে আনেন।’
সাবেক এই বিশেষ সহকারী লিখেছেন, ‘সরকার নিযুক্ত পরামর্শকদের পরামর্শ দেওয়ার জন্য ও সর্বোপরি চলমান ভেন্ডর-লক এবং সোর্সকোড-লক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। আমাদের টিমের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এসব সোর্সকোড বুঝে পাওয়া, টেস্টিং, মানোন্নয়ন ও ক্রিটিকাল সরকারি সার্ভিসকে ভেন্ডরের দখল থেকে বের করে এনে সরকারি বেশ কিছুটা সক্ষমতা বৃদ্ধি সম্ভব হয়।’
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, জাতীয় তথ্য বাতায়ন—যা সরকারি ওয়েবসাইট হিসেবে পরিচিত—তার সোর্স কোডের মধ্যে হ্যাশে পর্নো সাইটের লিংক পাওয়া গেছে। তিনি আরও জানান, এ প্রকল্পের ভেন্ডর প্রতিষ্ঠান ছিল সফটবিডি। তাঁর দাবি, তথ্য বাতায়ন হালনাগাদ করতে বললে সফটবিডি ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হুবহু নকল করে এনে দেয়।
ফেসবুক পোস্টে ফয়েজ আরও জানান, ওয়েবসাইটটির নকশা ও প্রযুক্তি ছিল পুরোনো এবং সাইটের স্পেস কাস্টমাইজ করার সুযোগও ছিল না। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কয়েক দিন পরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ কারণে একাধিকবার সচিব ও জ্যেষ্ঠ সচিবেরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে ফয়েজ আহমদ বলেন, ‘সরকারি বিভিন্ন সফটওয়্যার ব্যবস্থায় সোর্সকোড সরকারের কাছে না থাকায় ভেন্ডর-লক পরিস্থিতি তৈরি হয়েছে। এতে করে কোনো সফটওয়্যার উন্নয়ন, নতুন ফিচার যুক্ত করা বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা যুক্ত করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি।’
ফয়েজ জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর সরকারে ‘সোর্স কোড রেপোজিটরি’ ধারণা সামনে আনা হয়। পরে জাতীয় পর্যায়ে সোর্স কোড সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে জাতীয় সোর্স কোড রেপোজিটরি চালু করা হয়। সেখানে সরকারি বিভিন্ন সফটওয়্যারের সোর্স কোড আগারগাঁওয়ের জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করা হচ্ছে।
ফয়েজ আহমদ জানান, এই উদ্যোগের ফলে আইসিটি বিভাগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ভূমি মন্ত্রণালয়, বিআরটিএসহ বিভিন্ন সংস্থা তাদের ব্যবহৃত সফটওয়্যারের সোর্স কোড বুঝে নেওয়া শুরু করেছে। এর ফলে সরকারি ডিজিটাল সেবাগুলোতে স্বচ্ছতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে বলে তিনি মনে করেন।
ফয়েজ আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে করা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশে সরকারি সব ডিজিটাল সেবার ডেপ্লয়েড সংস্করণের সোর্স কোড সরকারের কাছে জমা রাখার বিধান যুক্ত করা হয়েছে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে নির্ধারণ করা হয়েছে।
পোস্টে ফয়েজ আহমদ আরও উল্লেখ করেন, ‘সরকারি অর্থায়নে তৈরি সফটওয়্যারকে “জাতীয় সম্পদ” হিসেবে স্বীকৃতি দিতে “জাতীয় সোর্স কোড নীতিমালা–২০২৫” প্রণয়ন করা হয়েছে। “পাবলিক মানি, পাবলিক কোড” শিরোনামের এই নীতিমালার মাধ্যমে সরকারি অর্থে তৈরি সফটওয়্যারের সোর্সকোড সংরক্ষণ, পুনঃব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।’
ফয়েজ দাবি করেন, এসব উদ্যোগে কিছু ভেন্ডর কোম্পানি ও সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ধরনের ‘স্মিয়ার ক্যাম্পেইন’ চালাচ্ছে। তবে সরকারি ডিজিটাল অবকাঠামোকে ভেন্ডরনির্ভরতা থেকে মুক্ত করতে এই উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়ে...
৭ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে আওয়ামী লীগের সময় ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের সময় তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড,
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচনী কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি কিংবা সৌদি আরবসহ ১১ দেশের সঙ্গে সামরিক ও অন্য চুক্তিগুলো জনসম্মুখে আনা প্রয়োজন। এসব বিষয়ে সংসদেও বিস্তারিত আলোচনা হওয়া উচিত। জনগণকে অন্ধকারে রেখে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে