
ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিষয়টিকে তিনি বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। এর জবাবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ইসলামী ব্যাংকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ চাকরি করেন।’
আজ শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এমন বাহাস হয়।
বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বাজেট আলোচনায় ইসলামী ব্যাংকিং ও জাকাত অর্থনীতি প্রসারের প্রস্তাব করেন। ইসলামী ব্যাংকিংকে সারা দুনিয়ার ট্রেন্ড আখ্যা দিয়ে তিনি সুদভিত্তিক ব্যাংকিং ধীরে ধীরে কমিয়ে আনার প্রস্তাব করেন।
এরপর ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায় নিজের বক্তব্যের সময় ইসলামী ব্যাংকিং প্রসারের প্রস্তাবের বিষয়ে বলেন, ‘পার্থ অর্থনীতির ওপর সুন্দর বক্তৃতা দিয়েছেন। ইসলামী ব্যাংকিংয়ের ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। বিএনপির লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ—ধর্মীয় মূল্যবোধ। এখানে নির্দিষ্ট কোনো ধর্মের কথা বলা হয়নি। যত ধর্মের লোক আছে, সবার মূল্যবোধকে রক্ষা করা।’
এরপর তিনি ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের এক ডাইরেক্টরকে একদিন একটা চাকরির জন্য বললাম, তোমার ব্যাংকে একটা চাকরি দাও। ও বলল—দাদা, নামটা পাঠায় দেন। নামটা পাঠায় দিতেই ও বলছে—দাদা, সরি। ও হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারব না।’
গয়েশ্বর রায় বলেন, ‘ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না। তো সেখানে অন্য ধর্মের মানুষের, এটা তো বৈষম্য, ইনজাস্টিস। মুসলমানের জন্য কি দেশ স্বাধীন হয়েছে? সকল জাতি-ধর্মনির্বিশেষে এই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে, তাঁরা দেশ স্বাধীন করেছেন। আন্দালিভ রহমান পার্থ বলতে পারবেন, এটার ব্যাখ্যাটা—এটা সত্যি কি না। যদি সত্যি হয়, তাহলে ইসলামিক ইনস্যুরেন্স, ইসলামী ব্যাংক, সব ইসলামি নাম। ইসলামিক সুইটও আছে। ওই দোকানের মিষ্টি খেতে পারব কি না, সেটাও আবার আমাদের জানতে হবে।’
গয়েশ্বরের বক্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ‘ইসলামি ব্যাংকিং পৃথিবীতে এখন অমুসলিমদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে।’ অমুসলিমরা ইসলামি ব্যাংকিংয়ে চাকরি করতে পারবেন না—এ বাধার কথা তাঁর জানা নেই। তবে তাঁর ধারণা ইসলামী ব্যাংকে যে কেউ চাকরি করতে পারেন।
তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি লক্ষ করেছেন—এই সংসদে অনেক অনুমাননির্ভর কথাবার্তা হয়। ইসলামী ব্যাংকের কোনো পরিচালক এখানে থাকলে বিষয়টি নিয়ে কথা বলতে পারতেন। বিষয়টিকে স্পর্শকাতর ও সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উল্লেখ করেন স্পিকার।
একপর্যায়ে সংসদে ফ্লোর নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকে যেকোনো ধর্মাবলম্বী চাকরি করতে পারেন।’ তিনি জানান, তাঁর এলাকারই হিন্দু সম্প্রদায়ের অনেকে ইসলামী ব্যাংকে চাকরি করেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে