
বন্ধ পাটকলগুলোতে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জুট মিলস লিমিটেড, নরসিংদীর আরও ১৪ দশমিক ৮০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দিয়েছে সরকার। এ জমিতে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে। এতে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পাটজাত পণ্য উৎপাদন এবং নতুন করে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বন্ধ পাটকল পুনরায় চালুকরণের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিজেএমসির বন্ধ মিলগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
বর্তমানে উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি মিল লিজ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ জুট মিলস লিমিটেড, নরসিংদীর ৭৭ দশমিক ০২ একর জমির মধ্যে আগে ৩৪ দশমিক ৫০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। সেখানে ইতিমধ্যে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
আজ অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। সরকারের আশা, এ বিনিয়োগ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়, দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তিতে বাংলাদেশ পাটকল করপোরেশনের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং জুট অ্যালায়েন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার সই করেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সরকার লোকসানি ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো অলস সম্পদকে উৎপাদনমুখী সম্পদে রূপান্তর, নতুন বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।
মন্ত্রী বলেন, সরকার নিজে ব্যবসা পরিচালনা করলে অনেক ক্ষেত্রে পরিচালনাগত অদক্ষতা দেখা যায়। বিপরীতে বেসরকারি খাতের পরিচালনাগত দক্ষতা ও কার্যকারিতা তুলনামূলক বেশি। তাই সরকার নীতিগত সহায়তা ও তদারকি করবে, আর বেসরকারি খাত বিনিয়োগ ও পরিচালনার দায়িত্ব নেবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর অনেকগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে। ভবন ও অবকাঠামোরও অনেক অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব স্থানে নতুন কারখানা, আধুনিক যন্ত্রপাতি ও নতুন শিল্প স্থাপনের মাধ্যমে উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যে বন্ধ এসব প্রতিষ্ঠন থেকে দৃশ্যমান উৎপাদন ও কর্মসংস্থানের সুফল পাওয়া যাবে।
কোন মোডেলে অনুসরণ করে লিজ দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি পাটকলের জন্য একই মডেল অনুসরণ করা হবে না। পিপিপি মোডেলে কোথাও দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি কিংবা যৌথ মালিকানার বিশেষ উদ্দেশ্যভিত্তিক কোম্পানি গঠনসহ বিভিন্ন মডেল বিবেচনায় নেওয়া হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রচলিত আইনের আওতায় সবচেয়ে কার্যকর পদ্ধতিতেই এসব বাস্তবায়ন করা হবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, এটি বিজেএমসির বন্ধ মিল পুনরুজ্জীবনের যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পর্যায়ক্রমে বিজেএমসির আরও কয়েকটি মিল বেসরকারি বিনিয়োগের আওতায় আনা হবে, যাতে উৎপাদন, কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, একজন সাংবাদিক জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’
৪১ মিনিট আগে
বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেছেন।
১ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়। সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।
২ ঘণ্টা আগে
পঞ্চদশ সংশোধনী আইন নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
৫ ঘণ্টা আগে