এক দিনে হত্যা মামলার আসামির ৬৫ জমির দলিল করে দেওয়া সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

বদলির আগে হত্যা মামলার আসামিকে বিপুল পরিমাণ জমির দলিল করে দেওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার হাবিবকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাবিবের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণের আওতাভুক্ত শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। হাবিবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে বদলির আগে গত ২৮ অক্টোবর বিভিন্ন পরিমাণের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব।









