Ajker Patrika

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২২: ৩৯
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে
সাবেক সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস এই রিমান্ড মঞ্জুর করেন।

দুজনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ ৭ দিনের রিমান্ড চান। অন্যদিকে আসামিপক্ষে দুজনের জামিন আবেদন ও রিমান্ড বাতিল চাওয়া হয়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবু বকর বিষয়টি নিশ্চিত করেন।

গত ১২ অক্টোবর পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের একাধিক ধারায় এই মামলা করা হয়। আগের দিন, ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীতে নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিবাগত রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে বিজয় দেবাশীষ নারায়ণ পালকে আটক করা হয়।

পরদিন ১২ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেদিন দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পল্লবী থানাধীন একটি বাসায় অবস্থান করে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা এবং বিবিএম ট্রান্সপারেন্সি নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রচার করছিলেন। ‌এ ছাড়া আসামিরা ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

ফের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ইতিপূর্বে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ওই সময় জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

আবেদনে আরও বলা হয়, আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণে নিষিদ্ধ সংগঠনের নেতাদের পাশাপাশি কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সহযোগীদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ পরিচালনা করে সরকারবিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এসব গ্রুপের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা আলামতের কিছু অসংগতি এবং রহস্যজনক তথ্যের বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজকে (৫৬) গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত