
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পরিসরে জনমত ও সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের বাংলাদেশে আগমন ও উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত আরও প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশের ভিসার জন্য আবেদন করলে যাচাইয়ের সুবিধার্থে আবেদনের একটি অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে পরিচালিত যে কোনো অপপ্রচার ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় জাইকা নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভবিষ্যতেও পাশে থাকবে। চলমান প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের...
২৬ মিনিট আগে
দুদকের ২২ বছরের ইতিহাসে এমন উদ্যোগ নজিরবিহীন। এর আগে প্রতিবারই সার্চ বা বাছাই কমিটি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নিজস্ব বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করত। আগ্রহী ব্যক্তিদের উদ্দেশে প্রকাশ্যে আবেদন আহ্বানের নজির ছিল না...
২৭ মিনিট আগে
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিজীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া এসব কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে...
১ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত....
১ ঘণ্টা আগে