
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশলী বিভাগে পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অসংগতির অভিযোগ ওঠায় সংস্থাটির সব ধরনের পদোন্নতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সম্প্রতি গৃহীত সব পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকবে।
৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদোন্নতিসংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখতে হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তার করা অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিমানের প্রকৌশলী বিভাগে একটি প্রভাবশালী চক্র নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে। অভিযোগ অনুযায়ী, একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে নতুন পদোন্নতির প্রস্তাব তৈরি করা হয়েছে। এ বিষয়ে গত ২৮ জুন একটি সভাও অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় বিমান পরিচালনার নিরাপত্তা ও আন্তর্জাতিক মান রক্ষাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েকজন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দিতে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ৮জন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখা, লাইসেন্স ভাতা বন্ধ রাখা এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা, বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি দেওয়া, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখিয়ে পরে আগের পদে ফিরিয়ে আনা, জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাদ দিয়ে জুনিয়রদের পদোন্নতি দেওয়া, টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান, কাগজে-কলমে ভিন্ন পদায়ন দেখানো এবং চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতির মতো অনিয়ম সংঘটিত হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক কাঠামোয় অস্তিত্ব না থাকা পদে বেতন প্রদান, অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অন্য বিভাগে বদলি করা এবং মুদ্রণ ও প্রকাশনা বিভাগেও বিধিবহির্ভূত পদোন্নতির অভিযোগ তুলে ধরা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা তাঁরা পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত অনুসন্ধান করা হবে। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সম্প্রতি গৃহীত পদোন্নতি-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের শ্যালক ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ মিনিট আগে
বাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম মাঠ পর্যায়ের কার্যালয়ে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে আগের মতো আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের..
১১ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আলাদা নই, আমরা কোনো দ্বীপ নই। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব আমাদের জ্বালানি তেলের বাজারে পড়েছে।
১ ঘণ্টা আগে