রাজধানীতে যানবাহনের গতিবেগ বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

রাজধানীতে যানবাহনের গতিবেগ আগের চার কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে। ফলে আগের তুলনায় যানজট ধীরে ধীরে কমে আসছে।
আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য (এমপি) আবুল কালামের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, আগে রাজধানীতে গতিবেগ ছিল মাত্র চার কিলোমিটার। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে রাজধানীর বিভিন্ন সড়কে সামগ্রিকভাবে সম্পূর্ণ রাজধানীতে যাতে মানুষ আরও দ্রুততার সঙ্গে যাতায়াত করতে পারেন, সে জন্য ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পলাতক স্বৈরাচারের সময় যেই যানজট বা বিভিন্ন গাড়ির গতি যেটি ছিল চার কিলোমিটার, এটি এখন বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
তারেক রহমান বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি। আগামী মাস দু-একের মধ্যে এগুলো কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের অবশিষ্ট রুটগুলোর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের আরও সুবিধার জন্য মনোরেলের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে।









