Ajker Patrika

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারের বিষয়টি জাতীয় সংসদকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির সংশ্লিষ্ট অংশ পড়ে শোনান তিনি।

চিঠির তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া চিঠির তথ্য সংসদকে জানানো হচ্ছে।

চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে তাঁকে থানায় নেওয়া হয়। পরে শেরেবাংলা নগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পিকারের পড়ে শোনানো চিঠিতে মামলার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭ উল্লেখ করা হয়।

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ঘিরে মামলা

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত জুনে নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে তাঁর পরিবারের অভিযোগ।

মামলাটির তদন্তভার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর নজরুল ইসলামকে আদালতে হাজির করা হলে তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই দিন তাঁর প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পরে ২৪ সেপ্টেম্বর নজরুল ইসলামকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। দুই দফা রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হয়। সেদিন তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এর আগে জুলাইয়ে নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন নজরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত