
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে মো. সাহাবুদ্দিন এখন সাবেক রাষ্ট্রপতি। তবে পদ ছাড়লেও আরও দুই দিন বঙ্গভবনে অবস্থান করবেন তিনি। আজ শনিবার বঙ্গভবনে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন তিনি। রোববার ফিরে যাবেন গুলশানের নিজের ফ্ল্যাটে। বঙ্গভবনের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পদত্যাগের পরে মো. সাহাবুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়েছিল গতকাল শুক্রবার বিকেলে। তবে সেটি নাকচ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। গতকাল রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শুক্রবার বঙ্গভবনেই থাকছেন। এর মধ্যেই তিনি চিকিৎসার জন্য দুইবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলেন। দুই-তিন দিন আগে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে যে তিনি অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্ত। কিন্তু আজ এমন কিছু হলে জানতাম। তিনি বঙ্গভবনেই আছেন।’
সরওয়ার আলম বলেন, পদত্যাগ করলেও মো. সাহাবুদ্দিন প্রটোকলের (রাষ্ট্রাচার) বাইরে যাননি। নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস তিনি প্রটোকল পাবেন। নিয়ম মোতাবেকই তিনি বঙ্গভবন থেকে বিদায় নেবেন।
নিয়ম অনুযায়ী কোনো রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার আগে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠক করে থাকেন। বঙ্গভবন সূত্র বলেছে, আজ শনিবার বেলা ১২টায় বঙ্গভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে মো. সাহাবুদ্দিন বিতর্কিত শিল্প ও বাণিজ্য গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। তখন তিনি গুলশান-১ নম্বরে নিজের ফ্ল্যাটে থাকতেন। জানা গেছে, বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পরে তিনি পুরোনো ঠিকানাতেই ফিরবেন।
এরই মধ্যে বঙ্গভবনে থাকা মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত জিনিসপত্র গোছানোর কাজ শেষ পর্যায়ে। রোববারই তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের ফ্ল্যাটে উঠবেন বলে একটি সূত্র জানিয়েছে। এরপর তিনি দেশে কিংবা সিঙ্গাপুরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন বলেও জানিয়েছে সূত্রটি।
২০১৬ সালের ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন, মৃত্যুর আগ পর্যন্ত তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন।
আইনে এ অবসরভাতা ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধার কথা উল্লেখ রয়েছে। যেমন, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। দাপ্তরিক ব্যয়ও পাবেন, যার মোট বার্ষিক অঙ্ক সরকার নির্ধারণ করবে। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা-সুবিধা ও কূটনৈতিক পাসপোর্ট পাবেন। দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন। তবে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকার সময় প্রাপ্য বিশেষ সাংবিধানিক প্রাধান্য আর পাবেন না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১ মিনিট আগে
আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
২১ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পিছপা হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার এই দেশ থেকে লুট করে বিদেশে অবস্থান করা সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে বিন্দুমাত্র দ্বিধা করবে না
৩৭ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে এবং গণমাধ্যমকে সঠিক পথে থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
৪৪ মিনিট আগে