সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ আগামীকাল শনিবার দেশে আনা হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্তের পর মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ফ্লাইট স্থগিত থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে।
দেশে আসতে যাওয়া সাতজন হলেন—নওগাঁর মো. শাহিন, হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলী এবং নাটোরের মোহাম্মদ শামীম ও সাব্বির হোসেন। তাঁদের মরদেহ গ্রহণ করবেন স্বজনেরা।
মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে মরদেহ গ্রহণকারীদের মধ্যে শাহিনের বাবা মজনু রহমান, হাসিবুল হাসান শুভর বাবা নাজমুল হুদা, মিনহাজ প্রামাণিকের ভাই পিয়াস আলী, মাসিদুল সরদার সজিবের স্ত্রী রিমা, সাগর আলীর স্ত্রী পারভিন খাতুন, মোহাম্মদ শামীমের বাবা জাকের আলী এবং সাব্বির হোসেনের বাবা রাব্বানীর নাম উল্লেখ করা হয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।










