Ajker Patrika

আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৫: ৩০
আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা
পরিবারের সঙ্গে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে, সে আত্মহত্যা করেনি।’

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমার ছেলে স্ট্রং পার্সোনালিটি ছিল। সে একটি বাহিনীতে চাকরি করত। সে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। এরপর এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে ফেলা হয়েছে।’

ঘটনার দিন ২৭ অক্টোবর সারা দিন তাহসিফ তাঁর মায়ের সঙ্গেই ছিল বলে জানান এনায়েতুল করিম। তিনি বলেন, ‘তার (তাহসিফ) মাকে নিয়ে শপিং করেছে, আমার জন্য কেনাকাটা করেছে।

‘ঘটনার দিন সন্ধ্যায় দিপ নামে একজন তাকে ডাকলে সে তার মাকে বলে—আমি দিপের সাথে কথা বলে আসি। এরপরে আর ফিরে আসেনি। তারপর ওর মা একাধিকবার ব্যক্তিগত নম্বরে কল দেয়। কিন্তু তাকে লাইনে পাই না। পরে সর্বশেষ রাত ১টার পর তার মাকে মেসেজ করে, আম্মু আমি বাসায় আসতেছি।’

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি

তিনি বলেন, ‘গতকাল দুপুরের দিকে তুরাগ থানায় গিয়েছিলাম। তারা বলে এখনো কোনো খোঁজখবর নেই। পরে বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ থানায় থেকে কল আসে। ওসি সাহেব আমার এবং ছেলের নাম-পরিচয় শুনে নিশ্চিত হওয়ার পর বলেন তুরাগ নদীতে একটি ডেড বডি পাওয়া গেছে।

‘ভাটিপাড়াতে গিয়ে সামনে রাজাবাড়ি ঘাট। ওই এলাকায় আমার ছেলে কখনোই যায় না। তারপরও এই ঘটনা ঘটে গেল।’

কে এম এনায়েতুল করিম বলেন, ‘কে বা কারা হত্যা করেছে, এটা আমরা জানি না। এটা পুলিশ তদন্তে বের হবে।’

ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বিমানবাহিনীতে চাকরির বিষয়ে তিনি বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু বাহিনী থেকে কী ধরনের ডিসিপ্লিন বা কোন ডিসিপ্লিনের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে—সেটা জানানো হয়নি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেত্র নিউজে চাকরি করত।

‘সবশেষ ভার্গো টোব্যাকো লিমিটেডে চাকরি করত। সে খুবই নম্র-ভদ্র এবং সামাজিক প্রকৃতির ছেলে ছিল। সিনিয়র-জুনিয়র সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল।’

এদিকে ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ তাঁর বাবা ফ্রিজিং ভ্যানে করে নিয়ে যান। উত্তরায় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত