
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে পরিবর্তনের আভাস মিলেছে। মহাপরিদর্শকসহ (আইজিপি) গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আপাতত সব স্তরে ঢালাও বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সরকারের ভাবনা অনুযায়ী, পদায়ন ও দায়িত্ব প্রদান হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। সেখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। নির্বাচনের পর কিছু ইউনিটে অভ্যন্তরীণ বদলি হলেও তা হবে নিয়মমাফিক ও পর্যায়ক্রমিক। রাজনৈতিক কারণে সব স্তরে গণহারে বদলির যে চর্চা আছে, তা অনুসরণ করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।
সরকার গঠনের পর প্রথম কর্মদিবস গত বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একান্ত বৈঠকে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেন, ‘কে কোন দলের ভোট দিয়েছেন, সেটা ভুলে যান। আজ থেকে আপনারা সবাই দেশের মানুষের জন্য কাজ করুন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধানসহ বেশ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আসছে। তবে ডিআইজি, এসপি ও থানার ওসিদের বদলির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত এসব পদে বদলি করা হবে না বলে জানা গেছে।
বিএনপি সরকার গঠন করার পর থেকেই পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পুলিশের কোন কোন পদে পরিবর্তন আসছে, জানতে চাইলে এ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে পুলিশপ্রধান বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেছেন, তিনি নিজ দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ পদে পদায়ন বিষয়ে আলোচনা চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইজিপি ও ডিএমপি কমিশনারের পদে নতুন নিয়োগের জন্য প্রয়োজনীয় ফাইল ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। নতুন আইজিপি ও কমিশনার দায়িত্ব নিলে বাকি শীর্ষ পদগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই পদায়নের প্রক্রিয়া দেখা হচ্ছে।
পুলিশ কর্মকর্তাদের মধ্যকার আলোচনা অনুযায়ী, শীর্ষ ছয় পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা থাকা কর্মকর্তাদের মধ্যে আছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, গত সরকারের শেষ দিকে অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অবসরপ্রাপ্ত সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।
পুলিশের ভেতরের সূত্র জানিয়েছে, আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই তদবির শুরু হয়েছে। নিয়োগপ্রার্থীরা বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তদবির করছেন। যদিও সরকারের পক্ষ থেকে কাউকে বিশেষ সুবিধা বা প্রশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের বলেছেন, শীর্ষ পদগুলোতে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে।
এদিকে এখনো ভঙ্গুর থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তা, কর্মীদের আপাতত ঢালাও বদলি করা হচ্ছে না। বর্তমানে দায়িত্বে থাকা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের তাঁদের অবস্থান থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের পদস্থ এক কর্মকর্তা বলেন, গণ-অভ্যুত্থানের পর অনেক পুলিশের নামে মামলা হয়েছে, কেউ আত্মগোপনে চলে গেছেন। এরপর আবার গণহারে বদলির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। গত ১৭ মাসে পুলিশ পরিস্থিতি স্থিতিশীল করতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। সরকার চায় এখন এই ছন্দ ভেঙে না যাক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রায় একই মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, শীর্ষ পর্যায়ের পদায়ন ছাড়া অন্য কোনো বদলির বিষয়ে আপাতত আলোচনা নেই। রদবদল বিষয়ে সরকার সুনির্দিষ্ট একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু জেলায় নির্বাচন-পরবর্তী নিয়মিত বদলি কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশ মাঠপর্যায়ের এসআই পদমর্যাদার ১৬ জন কর্মকর্তার থানা বদল করেছে। তবে জেলা পুলিশ বলছে, এই বদলি সম্পূর্ণ নিয়মমাফিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সরকার পরিবর্তনের পর পুলিশের সার্বিক বদলি ও পদায়ন নিয়ে জানতে চাইলে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন সরকার যদি পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে চায়, তবে বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার জরুরি। এতে আইনশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিকভাবে উন্নত হবে এবং তার ইতিবাচক প্রভাব সরকার ও সাধারণ মানুষ উভয়ের কাছেই অনুভূত হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সক্রিয় হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ পর্যন্ত ১২ জেলায় দলীয় কার্যালয়ের তালা খুলে তাঁরা ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
সারা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করেছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সিকি শতাব্দী পেরিয়ে হিসাব কষে দেখা যাচ্ছে, মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশের তুলনায় কর্মশালা, সেমিনার ও দিবসকেন্দ্রিক উদ্যাপনের মতো কাজেই বেশি সময় ও সামর্থ্য ব্যয় করেছে...
২ ঘণ্টা আগে
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ ঘণ্টা আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
৪ ঘণ্টা আগে