
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্বায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে চারজন নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে আজ রোববার সকাল পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে।
কুমিল্লা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। ‘মামুন পরিবহন’ নামের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। সংঘর্ষের পর বাসটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জনি বড়ুয়া বলেন, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফেনী
ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আজ রোববার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে সেতুর সংস্কারকাজ চলছিল। সেতুর আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস-অ্যাম্বুলেন্সের চালকের কথা-কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু বাসের জট লেগে যায়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসের সুপারভাইজার ও দুই যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হবিগঞ্জ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘরের আসবাববোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাঁ পাশ থেকে ডান পাশে থাকা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ ও একজন নারী নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মাধবপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা।

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে নির্দলীয়। একই সঙ্গে প্রার্থীদের ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বিধানও বাতিল হতে পারে। এসব কারণে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
২১ মিনিট আগে
দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে