Ajker Patrika

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতির সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতির সুপারিশ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজনেরও সুপারিশ করেছে কমিটি।

বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭, সিজন–২-এর প্রচার বাড়াতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটি যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করেছে। সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের কথাও বলা হয়েছে।

বৈঠকে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের সুপারিশ করেছে কমিটি।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারেন, সে জন্য যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মোরশেদ মিলটন, জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও আতাউর রহমান।

কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত