
দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, প্রমাণ সংগ্রহ ও তদন্ত শেষে মামলা দায়ের—এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে হয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। মামলার চূড়ান্ত পরিণতি নির্ধারণ হয় আদালতে। আর ঠিক সেই গুরুত্বপূর্ণ জায়গাতেই বড় দুর্বলতা রয়ে গেছে সংস্থাটির। আইনে থাকলেও দুই দশকেও নিজেদের প্রসিকিউশন গঠনের উদ্যোগ নেয়নি কোনো কমিশন।
নিজস্ব স্থায়ী প্রসিকিউশন ইউনিট না থাকায় আদালতে দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনা করতে হয় অস্থায়ী প্যানেলভুক্ত আইনজীবীদের দিয়ে। এই ‘ভাড়াটে’ প্রসিকিউশন ব্যবস্থা দুদকের মামলার দুর্বলতার অন্যতম বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দুদকের নিজের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে বিচারিক আদালতে সংস্থাটির করা মামলায় দণ্ডের হার ৫০ থেকে ৬০ শতাংশের বেশি নয়। দুর্নীতির মতো জটিল অপরাধের বিষয়ে দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর করা মামলার এমন ফল নিয়ে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা।
তাঁদের মতে, এমন একটি বিশেষায়িত সংস্থার জন্য বিশেষ দক্ষতাসম্পন্ন স্থায়ী প্রসিকিউশন টিম থাকা খুব জরুরি। কিন্তু দুদকের মামলা পরিচালনা করা হচ্ছে খণ্ডকালীন ও অস্থায়ী আইনজীবীদের মাধ্যমে, যাঁদের অধিকাংশই একই সঙ্গে রাজনৈতিকসহ নানা ধরনের মামলায় যুক্ত থাকেন। এতে একদিকে যেমন দুদকের মামলার প্রতি পূর্ণ মনোযোগ ও দায়বদ্ধতা নিশ্চিত হয় না, অন্যদিকে স্বার্থের সংঘাতের ঝুঁকিও থেকে যায়।
দুদক আইনে স্পষ্টভাবে স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠনের কথা বলা হয়েছে। দুদক আইনের ৩৩(১) উপধারায় বলা হয়েছে, কমিশনের তদন্ত করা এবং স্পেশাল জজ আদালতে বিচারযোগ্য মামলাগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রসিকিউটর নিয়ে কমিশনের অধীনে একটি স্থায়ী প্রসিকিউশন ইউনিট থাকবে।
একই ধারার ৩৩(২) উপধারায় বলা হয়েছে, ‘নিজস্ব প্রসিকিউটর নিয়োগ না হওয়া পর্যন্ত কমিশন অস্থায়ী ভিত্তিতে আইনজীবী নিয়োগ দিতে পারবে।’
সেই ‘অস্থায়ী’ ব্যবস্থাই টানা ২২ বছর ধরে চলে এসে কার্যত স্থায়ী রূপ নিয়েছে।
দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল) মঈদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের মামলাগুলো সাধারণ ফৌজদারি মামলার মতো নয়। এখানে আর্থিক লেনদেন, নথি বিশ্লেষণ, ক্ষমতার অপব্যবহার, প্রশ্নবিদ্ধ অর্থের গতিপ্রকৃতি—এসব বিষয়ে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এ কারণেই আইনে স্থায়ী প্রসিকিউশন ইউনিটের কথা বলা হয়েছিল। নিজস্ব প্রসিকিউশন ইউনিট থাকলে তাদের ওপর দুদকের সরাসরি নিয়ন্ত্রণ থাকত। তারা শুধু দুদকের মামলাই পরিচালনা করত।’
মঈদুল ইসলাম আরও বলেন, ‘আইনে বলা হয়েছিল, নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠনের আগ পর্যন্ত অস্থায়ী ব্যবস্থা থাকবে। কিন্তু কমিশন গঠনের ২২ বছর পার হলেও কোনো কমিশনই কার্যকরভাবে স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠনের উদ্যোগ নেয়নি।’
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ব্যবস্থায় দুদকে রাজনৈতিক বিবেচনায় প্যানেল আইনজীবী নিয়োগের অভিযোগও রয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন সরকারি কৌঁসুলি (পিপি) পরিবর্তন হয়, তেমনই দুদকের ক্ষেত্রেও দলীয় প্রভাবের অভিযোগ ওঠে। এতে একটি স্বাধীন ও পেশাদার প্রসিকিউশন কাঠামো গড়ে ওঠেনি।
দুদকের একাধিক সাবেক কর্মকর্তা ও আইনজীবীর মতে, সংস্থাটির দুর্নীতি দমন কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আদালতে প্রসিকিউশন পরিচালনা। কিন্তু সেই জায়গাটিই দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, অস্থায়ী ও খণ্ডকালীন আইনজীবী ব্যবস্থায় অনেক ক্ষেত্রে আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ বা প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে দুর্নীতির মামলার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত দক্ষতাও গড়ে ওঠে না। ফলে দীর্ঘ তদন্তের পরও প্রায় সময়ই মামলার বিচারে কাঙ্ক্ষিত ফল আসে না।
এ বিষয়ে দুর্নীতি অনিয়ম নজরদারি করা প্রতিষ্ঠান ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক আইনে নিজস্ব প্রসিকিউশন গঠনের বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো কমিশনই এই উদ্যোগ গ্রহণ করেনি। নতুন সরকার বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবে বলে আশা করি।’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘দুর্নীতির মামলার প্রকৃতি জটিল। এ জন্য বিশেষ দক্ষতা, ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি প্রয়োজন। স্থায়ী প্রসিকিউশন ইউনিট না থাকলে মামলার কার্যকর পরিচালনা বাধাগ্রস্ত হয়। যত দিন না দুদক অভিজ্ঞ প্রসিকিউটর টিম পাচ্ছে, ততদিন প্যানেল আইনজীবীদের মাধ্যমে বিচারপ্রক্রিয়া অব্যাহত রেখেও পাশাপাশি প্রসিকিউশন গঠনের কাজ চালানো যায়। জরুরি বিষয়টা হচ্ছে উদ্যোগটা গ্রহণ করা।’

জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক সম্প্রসারণে প্রয়োজনীয় জমির বড় অংশ এখনো বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ। এ কারণে ঠিকাদারেরাও পুরোদমে কাজ করতে পারছেন না।
৪৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
২ ঘণ্টা আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত...
৩ ঘণ্টা আগে
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে