
জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় সংসদে মন্ত্রীদের এমন অনুপস্থিতি নিয়ে খোদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদও উষ্মা প্রকাশ করেন এবং অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চান বলে মন্তব্য করেন।
আজ সোমবার স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন সাইফুল আলম খান মিলন।
অধিবেশন চলাকালে মন্ত্রীদের আসনগুলো খালি দেখে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, ‘আমি লক্ষ করছি, বাজেট অধিবেশনে অধিকাংশ সময় আমাদের মন্ত্রীরা থাকেন না। এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার।’
সাইফুল আলম খানের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শোকর করেন যে, অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।’
স্পিকার আরও বলেন, ‘বাজেট সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, তাই অন্য মন্ত্রীদের উপস্থিত থাকার জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।’
এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাঁদের উপস্থিত থাকা উচিত।’
অর্থমন্ত্রীর সার্বিক উপস্থিতির প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেটসংক্রান্ত বিষয়ে যদি কথা বলা হয়, শেষ কথা অর্থমন্ত্রীই বলবেন। স্বাস্থ্য খাতের কথা বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন, সব কথাই অর্থমন্ত্রী বলবেন। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট থাকেন।’
নূরুল ইসলাম মনি উল্লেখ করেন, দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সব সময় উপস্থিত থাকেন এবং অন্য মন্ত্রীদেরও তিনি সংসদকে উপভোগ করার জন্য উপস্থিত থাকার আশা প্রকাশ করেন।
বিরোধী দলের এই সমালোচনার জবাব দেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্য বললেন, ‘‘আমাদের মন্ত্রীরা নাই।’’ ঠিক আছে। বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুজনের কেউই নাই। তাঁরাও যাতে ঠিকমতো থাকেন।’
প্রতিমন্ত্রীর এই পাল্টা যুক্তির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাঁদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তাঁরা বলবেন।’ তবে সংসদের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার্থে সরকারি ও বিরোধী—উভয় পক্ষের সবার অধিবেশনে থাকা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন স্পিকার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া রয়েছেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে মালয়েশিয়া রয়েছেন।
এদিকে সংসদের বৈঠক বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সোমবার তা মিনিট পাঁচেক পরে শুরু হয়। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন না। সোয়া ৩টার দিকে দেখা যায় সরকারি দলের প্রথমসারিতে স্থানীয় সরকার মন্ত্রীসহ ৪ জন সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। এ সময়ে প্রথম তিন সারিতে চিফ হুইপ, আইনমন্ত্রী আসাদুজ্জমানসহ ৬৪টি আসনের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন। তিনটা বিশের দিকে সংসদের বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী। এ সময় বিরোধী দলের প্রথম সারিতে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ও উপনেতা ডা. আবদুল্লাহ মো. তাহের অনুপস্থিত ছিলেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সংসদের বৈঠকের শুরুর দিকে সরকারি দলের তুলনায় বিরোধী দলের সদস্যদের উপস্থিতি কিছুটা বেশি ছিল। অবশ্য সরকারি দলের সংরক্ষিত আসনের মহিলা এমপিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আইনে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজার (অর্থদণ্ড/কারাদণ্ড/উভয় দণ্ড) বিধান রাখা হয়েছে। দ্য পাবলিক গ্যাম্বলিং...
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে নিহত জাবির ইব্রাহিমের মা ও জামায়াতের দলীয় সংসদ সদস্য রোকেয়া বেগম বলেছেন, একজন বাবা অথবা মা সব ধরনের সুযোগ-সুবিধার আগে যেটা চায়, সেটা হলো তার সন্তানের হত্যার বিচার। দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়।
২ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর চা-বাগানে শ্রমিক–কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ-সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে ৩১টি চা-বাগানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় সংসদে আজ মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সদস্য...
২ ঘণ্টা আগে
ভূমিকম্পসহ নগর দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল...
২ ঘণ্টা আগে