Ajker Patrika

ঢাকা মহানগরের ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য থাকবেন: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকা মহানগরের ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য থাকবেন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ হয়েছে। মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ সদস্য।

‎আজ সোমবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎সেনাবাহিনীর তথ্যমতে, ঢাকায় দু’টি আসন ঝুঁকিপূর্ণ, ডিএমপির মতে কয়টা আসন ঝুঁকিপূর্ণ—জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সেভাবে অ্যানালাইসিস করিনি। আমরা অ্যানালাইসিস করেছি, ঢাকা মেট্রোপলিটনে দুই ধরনের কেন্দ্র থাকবে। একটি হলো গুরুত্বপূর্ণ, আরেকটি হলো সাধারণ। ১ হাজার ১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্র। এ ছাড়া আমরা ৩৭টি ভোটকেন্দ্র চিহ্নিত করেছি, যেখানে ৭ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।’

‎রাজধানীতে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এবারের নির্বাচনে ঢাকা মহানগরীতে ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা ও নিরাপত্তা বিবেচনা করে ভোট কেন্দ্রগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ১ হাজার ৬১৪টি ভোট কেন্দ্রে চারজন করে এবং সাধারণ ৫১৭টি ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তিনি বলেন, ভোটকেন্দ্রের পরিস্থিতি জানার জন্য একজনের কাছে থাকবে বডি-ওর্ন ক্যামেরা। একাধিক ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণের জন্য থাকবে ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম। এ ছাড়া ঢাকা মহানগরে পুলিশের ৮টি বিভাগে ৮টি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) এবং ৪টি বিশেষ কন্ট্রোল রুম থাকবে। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে থাকা এসব ফোর্স বেছে বেছে মোতায়েন করা হবে। এ ছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে।

উল্লেখ্য, ভোটগ্রহণ চলাকালে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। গত শনিবার যমুনায় আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে পুলিশের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের একটি লাইভ ডেমনস্ট্রেশন করা হয়।

নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি রয়েছে কিনা—জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো থ্রেট নেই। স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলছে। অপরাধ নেই, আইনশৃঙ্খলার সমস্যা নেই, রাস্তাঘাট অবরোধ নেই। খুবই ভালো পরিবেশ। তিন কোটি লোকের শহরে আমরা পুলিশিং করি। যেখানে বেকারত্ব আছে, ভাসমান লোক আছে, নানা ধরনের সমস্যা আছে। এমন একটি শহরের আইনশৃঙ্খলা, অপরাধ পরিস্থিতি চমৎকার রয়েছে।’

‎নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। চিন্তার কোনো কারণ নেই। আমাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। একটি নির্বাচন যখন হয়, তখন একটি দল জয়লাভ করে, একটি দল পরাজয় লাভ করে। তখন পরাজিতরা কারচুপির কথা বলে। আমাদের দেশের কালচারই এমন। এখনো বাজারে নানা গুজব রয়েছে।’ ‎

‎নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তায় ডিএমপি কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমাদের সার্বিক যে নিরাপত্তা পরিকল্পনা—সেখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার কলিগ সবাই আছে। তিন কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার মধ্যে আছে। কারও নিরাপত্তাহানি ঘটবে আমরা মনে করি না। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমি শতভাগ নিশ্চিত করছি।’

‎অতীতে পুলিশকে রাজনৈতিক দল ব্যবহার করেছে। এবারও কী ব্যবস্থা নেওয়া হয়েছে যে পুলিশকে রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না? এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ মাস আমি ডিএমপির কমিশনার। আপনারা কি দেখেছে, আমরা রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছি। যদি দেখেন আমরা কোনো দলের পক্ষে কাজ করিনি, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না।’ ‎

‎অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে সংবাদ সম্মেলনে জানান ডিএমপি কমিশনার।

‎তিনি বলেন, ‘নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেই ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে, তা এগিয়ে নিতে ইস্পাতকঠিন মনোবল নিয়ে আমরা প্রস্তুত রয়েছি।’

তিনি বলেন, ‎নাগরিকদের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করব যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।

‎‎মহানগরবাসীর প্রতি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে সকলে সম্মিলিত অবদান রাখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্কুলছাত্রকে হত্যা: ফেনীতে ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

সাত আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত