
ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক দুই কমিশনারসহ আটজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট আরও ১০ জনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্তও নিয়েছে কমিশন।
আজ সোমবার দুদকের কমিশন সভায় মামলা দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে মামলাটি করবেন। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, ‘গৃহায়ণ ধানমন্ডি’ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকেও ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২২২তম ও ২২৫তম বোর্ড সভায় বৈষম্যমূলক ও বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক ও ড. মো. মোজাম্মেল হক খানের নামে প্রায় দ্বিগুণ আয়তনের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাটের সংস্থান রেখে স্থাপত্য নকশা অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ডি-১২ ও ডি-১৩ নম্বর ফ্ল্যাট একত্রিত করে ৪ হাজার ১০৫ বর্গফুট এবং সি-১২ ও সি-১৩ নম্বর ফ্ল্যাট একত্রিত করে ৪ হাজার ৩০৮ বর্গফুট আয়তনের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট অনৈতিকভাবে অনুমোদনের অভিযোগ রয়েছে।
দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা মিথ্যা হলফনামা প্রদানসহ প্রতারণার আশ্রয় নেন এবং রাষ্ট্রীয় মূল্যবান সম্পদ বিধিবহির্ভূতভাবে বরাদ্দ ও অনুমোদন দেন।
এ ঘটনায় দুদকের সাবেক দুই কমিশনারসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মামলার অপর আসামিরা হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, সদস্য মো. শাহজাহান আলী, ড. মো. মইনুল হক আনছারী, বিজয় কুমার মণ্ডল, কাজী ওয়াসিফ আহমাদ এবং সাবেক রেজিস্ট্রার জেনারেল ও বর্তমানে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আমিনুল ইসলাম।
দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকেও ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে অবৈধ সুবিধা গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় মূল্যবান সম্পদ অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বরাদ্দ ও অনুমোদন দেন।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগে একটি মামলা দায়ের করা হবে।
এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট আরও ১০ ব্যক্তির অতিরিক্ত সম্পদ থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে তাদের সম্পদের সঠিক হিসাব ও উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকার দুই মাসের জ্বালানি তেলের মজুত থাকার আশ্বাস দিয়েছে। মজুত নিয়ে ভরসার কথা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম থেকেই বলা হচ্ছে। কিন্তু মাঠের চিত্রের পরিবর্তন নেই। বরং তা দৃশ্যত দিন দিন কঠিন হচ্ছে। রাজধানীতে বহু মানুষ ভোর থেকে তেলের পাম্পের লাইনে দাঁড়ালেও অধিকাংশ পাম্পে দুপুরের আগে ডিপো থেকে তেল আসছে না।
৫ ঘণ্টা আগে
২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য একটি নীতিমালা এবং বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
৬ ঘণ্টা আগে
প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে