২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেদিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি পরবর্তী শ্রেণির নতুন বইও হাতে পাবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।
নতুন বই সরবরাহের অগ্রগতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তবে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।
বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, এবার উন্নত মানের কাগজ ও ছাপায় বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের কাগজ বা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল পরিশোধ করা হবে না।
শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। একই সঙ্গে মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ গড়ে তোলা হবে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।









