কারেন্ট জালের দৌরাত্ম্য চলছেই

নিষিদ্ধ করার পর এক দশক চলে গেলেও নদীতে মাছ ধরায় কারেন্ট জালের ব্যবহার না কমে বরং বেড়েছে। প্রশাসনের অভিযানে নিষিদ্ধ এই জাল জব্দ করা এবং জেলেদের জরিমানার বহরও বেড়েছে; কিন্তু কারেন্ট জালের উৎপাদন থামেনি। উৎপাদন বন্ধ না করে নদীতে অভিযানে জোর দেওয়ার কারণে এই অবস্থা বলে মত সংশ্লিষ্টদের।
কারেন্ট জাল ব্যবহারের কারণে মৎস্য সম্পদসহ জলজ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এই সূক্ষ্ম জালে জেলেদের কাছে ‘অপ্রয়োজনীয়’ খুব ছোট মাছ এবং জলজ প্রাণীও আটকা পড়ে মারা যায়। এতে ছোট মাছ বড় হয়ে উৎপাদন বাড়ার সুযোগ কমে যাওয়া ছাড়াও প্রাণপ্রকৃতির ক্ষতি হয়। পরিবেশ আন্দোলনকর্মীদের দীর্ঘদিনের প্রচার আর বিশেষজ্ঞদের পরামর্শে ২০১৩ সালে কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারি জালসহ ক্ষতিকর বিভিন্ন জাল নিষিদ্ধ করা হয়। কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের সমন্বয়হীনতার কারণে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ করা যায়নি। জেলেসহ দেশের গ্রামাঞ্চলের বিপুলসংখ্যক মানুষের মধ্যে এসব জালের ক্ষতি নিয়ে সচেতনতার অভাবও রয়েছে।
খোদ সরকারি তালিকাতেই কারেন্ট জাল উৎপাদন করা ৫২টি কারখানার নাম এসেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কারেন্ট জাল উৎপাদনে যুক্ত কারখানার সংখ্যা মৎস্য অধিদপ্তরের তালিকার চেয়ে অন্তত তিন গুণ বেশি। ২৭ ডিসেম্বর অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ সালে ৬ কোটি ৭৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
দেশে কারেন্ট জালের ব্যবহার শুরু হয় আশির দশকে। তখন বিদেশ থেকে এই জাল আমদানি হতো। ২০০০ সালের পর থেকে দেশেই উৎপাদন শুরু হয়। সে সময় কারেন্ট জাল বিক্রির বড় মোকাম ছিল পুরান ঢাকার চকবাজার। এখন কারেন্ট জাল তৈরির মূল কেন্দ্র ঢাকার কাছেই, মুন্সিগঞ্জ জেলায়। আর প্রকাশ্যে-গোপনে তা সারা দেশেই পাওয়া যায়।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, মুন্সিগঞ্জের ৪৪টি কারখানা নিষিদ্ধ কারেন্ট জাল তৈরি করে। আর জাল আয়রন করে আটটি কারখানা। সাইনবোর্ডবিহীন এসব কারখানার সরকারি কোনো দপ্তরের লাইসেন্স বা অনুমোদন নেই। আয়রন করার কারখানায় ব্যবহৃত বয়লারসহ অন্যান্য যন্ত্রপাতির সরকারি অনুমোদন
নেই। মুন্সিগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানাগুলোর অধিকাংশই ফিরিঙ্গি বাজার, দয়াল বাজার, গোসাইবাগ, ধোপাবাড়ি ও দুর্গাবাড়ি এলাকায়।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত আট বছরে অবৈধ জাল নির্মূলে ১৩ হাজারের বেশি অভিযান এবং চার হাজারের বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ২২ কোটি ৩ লাখ মিটার কারেন্ট জাল পোড়ানো হয়েছে। জব্দ করা হয়েছে ২১ হাজারের বেশি বেহুন্দি জাল। জেলেদের জরিমানা করা হয়েছে প্রায় ৭৮ লাখ টাকা। অভিযানের আওতাও বেড়েছে। ২০১৬ সালে তিনটি জেলায় অভিযান পরিচালনা করা হলেও ২০২৩ সালে তা চালানো হয়েছে উপকূলীয় ১৭টি জেলায়। কারেন্ট জাল ব্যবহারের কারণে আট বছরে ৪৭৮ জনকে কারাদণ্ডও দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ কারেন্ট জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করব। শুধু জাল জব্দ আর জরিমানা নয়; যেন উৎপাদন আর বাজারজাতকরণও বন্ধ করতে পারি।’
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এম সাহাবউদ্দিন এ নিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘উৎপাদন বন্ধ না করে অভিযানে জোর দিয়ে লাভ নেই। কারখানাগুলোকে পুরোপুরি বন্ধ না করা হলে প্রান্তিক পর্যায়ে জেলেদের কাছে ঠিকই কারেন্ট জাল চলে যাবে। প্রথমে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করতে হবে। এর জন্য আন্তমন্ত্রণালয় সমন্বয় খুব জরুরি।’

আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
৩ ঘণ্টা আগে
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
৬ ঘণ্টা আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগে