Ajker Patrika

রিমন ও মোস্তাফিজ দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্রের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিমন ও মোস্তাফিজ দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্রের অনুমোদন

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের নথি অনুযায়ী, রিমনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রিমনের নামে ৪ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৬৩ টাকার স্থাবর এবং ৩১ কোটি ৮ লাখ ১ হাজার ৮২৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার সম্পদ পাওয়া গেছে। তাঁর দায়-দেনা ১০ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৩৪৪ টাকা। দায় বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা।

তদন্তে রিমনের গ্রহণযোগ্য মোট আয় পাওয়া যায় ১৬ কোটি ৮২ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা। পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ২১৪ টাকা। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর তাঁর নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা।

দুদকের হিসাবে, রিমনের নিট সম্পদ থেকে নিট আয় বাদ দেওয়ার পর ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার সম্পদের অসংগতি পাওয়া যায়।

রিমনের চারটি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। চারটি হিসাবে মোট জমার পরিমাণ ৫১৭ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৩৮৩ টাকা। একই পরিমাণ অর্থ বিভিন্ন সময়ে উত্তোলন করায় জমা ও উত্তোলন মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকা।

দুদকের অভিযোগ, অবৈধভাবে উপার্জিত অর্থ বৈধ করার অসৎ উদ্দেশ্যে এসব ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করা হয়েছে। রিমনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মোস্তাফিজ দম্পতির সম্পদেও অসংগতি

চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধেও জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ এনেছে দুদক।

মামলার নথি অনুযায়ী, শাহীন আক্তার চৌধুরী তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহায়তায় নিজ নামে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন বলে প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছিল।

দুদকের অভিযোগ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শাহীন আক্তার চৌধুরী পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

দম্পতির ছয়টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদকের অভিযোগ, এসব হিসাবে লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে।

শাহীন আক্তার চৌধুরী ও মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়।

মামলাটির তদন্ত শেষে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন চান। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত