Ajker Patrika

শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২১: ০১
শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছায় দেশে ফিরে মামলাগুলো মোকাবিলা না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটাই প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে তাকে আইনগতভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করব।’

সাইদুর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিতে হবে।

দুদক সচিব আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে আদালতে সাক্ষ্য-প্রমাণসহ আবেদন জানানো হবে। গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সাইদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে আইনগতভাবে আদালতের কাছে যাব। আমাদের পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা, সেগুলো উপস্থাপন করব। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় নয়, সবার জন্য আইন সমভাবে প্রয়োগ হবে।’

এদিকে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তাঁর এক মুখপাত্র। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মুখপাত্রের দাবি, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর নির্ধারণ করেছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারেন।

নির্বাসনে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখের কথা জানালেন শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার প্রেক্ষাপটে এ ঘোষণা এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে সামরিক বিমানে করে ভারতে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র বাতিল করা হয়। সেসব নথিপত্র ফিরে পাওয়ার আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংস্থাটি মোট ২৪টি মামলা করে। এর মধ্যে সাতটি মামলার চার্জশিট দিয়েছে দুদক। অন্য ১৭ মামলা রয়েছে তদন্ত পর্যায়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত