Ajker Patrika

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২২: ৪৩
উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের
সাইবার নিরাপত্তা আইনের খসড়ার বিষয়ে কূটনৈতিক মিশন ও উন্নয়ন সহযোগীদের মতামত নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পরামর্শ সভা। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজ

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সরকার। কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রস্তাবিত সাইবার আইন নিয়ে মতবিনিময়ে এ প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

পরামর্শ সভা শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নাগরিকদের অধিকার সুরক্ষার লক্ষ্যে প্রস্তাবিত আইনের বেশ কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা, পাশাপাশি অন্যান্য বিধান উন্নত করার বিষয়ে সুপারিশও করেছেন। তিনি বলেন, ‘তাঁরা এক-দুটি সুপারিশও করেছেন, যা আমরা তাৎক্ষণিকভাবে নোট করেছি।’

আসাদুজ্জামান বলেন, অংশগ্রহণকারীরা নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন, এবং একই সাথে এমন বিধানগুলো চিহ্নিত করেছেন যেগুলোতে আরও বিবেচনার প্রয়োজন রয়েছে।

পরামর্শ প্রক্রিয়ার পেছনের যুক্তি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপনের আগে সরকার আপত্তিগুলো শুনতে এবং যৌক্তিক উদ্বেগগুলো দূর করতে চায়। তিনি জানান, সরকার ইতিমধ্যে সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছে, আর নাগরিক সমাজের সংগঠন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আরও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্র বলেছে, পরামর্শ সভায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, একটি বিশ্বাসযোগ্য সাইবার নিরাপত্তা আইনকে অবশ্যই মৌলিক অধিকার সমুন্নত রাখার পাশাপাশি মানুষ, প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে হবে। তিনি উল্লেখ করেন যে নিরাপত্তা এবং অধিকার একে অপরকে শক্তিশালী করে।

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক ফোরামে অব্যাহত গঠনমূলক সম্পৃক্ততা, যথাযথ সুরক্ষাসহ সময়োপযোগী আন্তসীমান্ত সহযোগিতা এবং সব নাগরিকের জন্য অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনসাধারণের ডিজিটাল সাক্ষরতা জোরদার করার গুরুত্বও তুলে ধরেন তিনি। উন্নয়ন সহযোগীদের মতামতকে স্বাগত জানিয়ে তিনি একটি উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত