বিএনপির নির্বাচনী ইশতেহার

দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করা, কৃষক কার্ড চালুর উদ্যোগ এবং খাল খননের কর্মপরিকল্পনা তৈরির মতো পদক্ষেপ নিয়েছে। দলীয় নীতিনির্ধারকেরা বলছেন, এটি কেবল সূচনা। জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকারই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান গত শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমাদের যে ইশতেহার চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়েছেন, তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তাঁর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। একটি জবাবদিহিমূলক সরকারের জন্য এটিই হচ্ছে সঠিক পদক্ষেপ। আমরা জনগণের কল্যাণে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাব।’
বিএনপি নতুন সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়ার ঘোষণা আসে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে মওকুফ হবে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা ঋণ। এর সুফল পাবেন প্রায় ১২ লাখ কৃষক।
বিএনপির এবারের নির্বাচনী ইশতেহারে সবচেয়ে আলোচিত বিষয় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’। এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুতই উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন হচ্ছে ১০ মার্চ। এদিন বগুড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পৃথকভাবে এ নিয়ে কথা বলেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে ইতিমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। যথাযথ তদারকি ও সমন্বয়ের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি হয়েছে।
ঋণ মওকুফের পাশাপাশি কৃষি খাতে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজ শর্তে সার, বীজ, সেচ-সহায়তা ও প্রণোদনা পাবেন। পাশাপাশি ব্যাংকিং সুবিধা সহজ করা এবং সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। কৃষক কার্ড বাস্তবায়নে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
এদিকে পানি ব্যবস্থাপনা ও সেচের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে খাল খননের জায়গা ও পদ্ধতি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে কোন এলাকায় কীভাবে খাল পুনঃখনন বা নতুন খাল খনন করা হবে, তার একটি সমন্বিত নকশা প্রণয়ন করছে। বিশেষজ্ঞদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে, যা ভৌগোলিক অবস্থা, জলপ্রবাহ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচসুবিধা বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চূড়ান্ত করবে।
খাল খনন প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পুরোনো পরিকল্পনার আলোকে প্রথম ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের জন্য প্রকল্প প্রস্তাব তৈরির কাজও চলবে বলে জানান মন্ত্রী।
সরকারের সূত্রগুলো বলছে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবে না রেখে প্রশাসনিক কর্মপরিকল্পনায় রূপান্তর করাই সরকারের লক্ষ্য। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সময়সীমা বেঁধে দিয়ে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য খাতের প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রীকে সভাপতি করে ১৩ সদস্যের একটি ‘সেল’ গঠন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই সেল প্রাথমিকভাবে ৯টি বিষয় নিয়ে কাজ করবে বলে এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, প্রত্যেক নাগরিককে একটি ইলেকট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড দেওয়া হবে। কোনো নাগরিক এই কার্ড নিয়ে দেশের যেকোনো হাসপাতাল বা ক্লিনিকে গেলে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে রোগীর পূর্ববর্তী চিকিৎসা, পরীক্ষা ও ওষুধের তথ্য দেখতে পারবেন। ফলে চিকিৎসক সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে ভুল চিকিৎসা, ওষুধের পুনরাবৃত্তি ও অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনা সম্ভব হবে।
বিএনপি এবার সরকার গঠনের পরপরই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে যে তৎপরতা দেখাচ্ছে, তা দেশের রাজনৈতিক-প্রশাসনিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তাঁরা বলছেন, ক্ষমতায় আসার পরপরই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জন-আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। এটি একদিকে যেমন সরকারের রাজনৈতিক সদিচ্ছার বার্তা দেয়, অন্যদিকে প্রশাসনকে সক্রিয় রাখারও প্রমাণ বহন করে। পাশাপাশি পর্যবেক্ষকেরা সতর্ক দিয়ে বলেছেন, মন্ত্রীদের কারও কারও বেফাঁস মন্তব্য এবং দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের নেতিবাচক কিছু কর্মকাণ্ড সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে প্রধানমন্ত্রীর কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যেটা তারা ইশতেহারে বলেছে, সরকার সে কাজটা দ্রুত করবে, এটা ভালো। এ পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে এর মধ্যে কিছু ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। মন্ত্রিসভার অনেকের অতীত কর্মকাণ্ড, কারও কারও উল্টোপাল্টা কথাবার্তা...। প্রধানমন্ত্রীর উদ্যোগ তো অসাধারণ। তবে সরকারের কে কোথায় কী করছে, সেটা চেক দেওয়ার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর। নজরদারি শক্ত করতে হবে।’

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ সোমবার (২ মার্চ) পর্যন্ত ধাপে ধাপে মধ্যপ্রাচ্যের গন্তব্যের দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন...
৫ ঘণ্টা আগে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
৭ ঘণ্টা আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
৭ ঘণ্টা আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
৭ ঘণ্টা আগে