Ajker Patrika

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী চীনা রাষ্ট্রদূত, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী চীনা রাষ্ট্রদূত, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ। ছবি: বিজ্ঞপ্তি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে দেশ ত্যাগের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান ইয়াও ওয়েন। চীনের জননিরাপত্তামন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছাও জানান তিনি।

চীনের জননিরাপত্তা বিষয়ক ফোরামে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক বৈঠক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চীন সফরের জন্য চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত।

সালাহউদ্দিন আহমদ ও ইয়াও ওয়েন আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ মোকাবিলার গুরুত্বের ওপর জোর দেন।

ইয়াও ওয়েন জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, অভিবাসন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

চীনের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর জন্য বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট গঠন ও অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় ইউনিট পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

সাইবার অপরাধ প্রতিরোধে চীনা বিশেষজ্ঞ ও ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন ইয়াও ওয়েন। সিআইডির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পর্যবেক্ষণের পর দেশে ফরেনসিক ল্যাব ও সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করবে প্রতিনিধি দলটি।

চীন বর্তমানে বাংলাদেশের এক নম্বর উন্নয়ন সহযোগী ও শীর্ষ বিনিয়োগকারী দেশ বলে উল্লেখ করেন ইয়াও ওয়েন। বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘চীন কেবল আমাদের শীর্ষ বিনিয়োগকারীই নয়, আমাদের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার।’

বাংলাদেশে বসবাসরত সব চীনা নাগরিক, ব্যবসায়ী ও উন্নয়ন প্রকল্পের কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত