
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব থেকে আসা ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের শিকার যাত্রীদের তথ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে চিঠি দিয়ে এসব নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে। এ অবস্থায় সৌদি আরবে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচিতে পরিবর্তন হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত জানাতে হবে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রাসূচি, পুনরায় টিকিট বুকিং, অর্থ ফেরত এবং অন্যান্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কিংবা ফ্লাইটের পরিবর্তন সম্পর্কে না জেনে বিমানবন্দরে আসা ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাঁদের বসার ব্যবস্থা, পানীয় জল, নাশতা, খাবারসহ প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যাত্রীদের।
কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। যাত্রীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগে সহায়তা করতে হবে এয়ারলাইনসগুলোকে।
এ ছাড়া ফ্লাইট পরিচালনায় বিঘ্নের বিষয়ে সমন্বয়ের জন্য প্রতিটি এয়ারলাইনসকে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল করে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্নের কারণে এসব রুটে যাত্রীদের যাত্রাসূচি পরিবর্তন ও ভোগান্তির আশঙ্কায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন:

ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টা প্রেশার গ্রুপ-ট্রুপ কিছু না —এগুলো আওয়ামী সন্ত্রাস। সেটা নিয়ে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে। আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের পদক্ষেপ আনচ্যালেঞ্জড যাওয়ার প্রশ্নই আসে না।
৩০ মিনিট আগে
দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ডিম রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদা পূরণ করে ডিম রপ্তানি সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে ২৩টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬২টি ফ্লাইটের সূচি প্রভাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।
১ ঘণ্টা আগে
আইমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকেরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এ জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাসহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে