
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) এজেন্ডা এগিয়ে নিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন-এর সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।
শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে দুই পক্ষই লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং শান্তি বিনির্মাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘদিনের অর্জন ও নীতিগত অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্তের কথা, যাঁর মেয়াদে দেশে প্রথম মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তন করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় বর্তমানে মেয়েদের শিক্ষাক্ষেত্রে নেওয়া নানামুখী উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবার প্রসারে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
বাংলাদেশ সরকারের এই নীতিগত অবস্থানকে টেকসই উন্নয়নের জন্য একটি অত্যন্ত ইতিবাচক মডেল হিসেবে বৈঠকে বর্ণনা করা হয়।
নারীর সামগ্রিক উন্নয়ন কেবল সামাজিক অগ্রগতির সূচক নয়, এটি দেশের অর্থনৈতিক ও পরিবেশগত সহনশীলতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি।
— শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাংলাদেশ
বৈঠকে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
সিমা বাহাউস বিশ্বশান্তি রক্ষা এবং জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের অসামান্য সাহসিকতা এবং অবদানের ভূয়সী প্রশংসা করেন।
দ্বিপক্ষীয় এই আলোচনায় কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটটি গুরুত্বের সঙ্গে স্থান পায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিশেষ করে রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের মানবিক সহায়তা কর্মসূচিতে আন্তর্জাতিক অর্থায়নের ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে প্রত্যাবাসনে ইউএন উইমেনসহ জাতিসংঘের সব সংস্থাকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
১ ঘণ্টা আগে
তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি আবারও জোরালোভাবে জানাচ্ছে। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন, এ ধরনের অনুরোধ ভারতীয় বিচারব্যবস্থার সামনে উপস্থাপন করতে হবে এবং এর সিদ্ধান্তও নিতে হবে আদালতকেই।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ দুই বছরের বেশি সময় ধরে। এই অবস্থায় আগামী ৮-১০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম)। সেই বৈঠকে যাত্রীবাহী ট্রেন আবার চালুর উদ্যোগের পাশাপাশি ২৪ ঘণ্টা পণ্যবাহী ট্রেন চালু করার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে