
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব।’
আজ শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে এর প্রতিটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে। আর এ লক্ষ্যেই আমরা আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। দেশের মানুষ এখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা।’
দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই—১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। এই সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’
প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। তাই আসুন দেশ গড়ার কাজে নেমে পড়ি। এই জনসভায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যাতে আমাদের দেশ গড়ার পথে কেউ বাধাগ্রস্ত না করতে পারে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা এই শর্তে প্রতিজ্ঞাবদ্ধ হই—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুর ছাড়াও আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণের এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ১০ জন নারী হাসিনা খাতুন, সোহাগী আখতার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোসেদা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, রুমা আখতার, নাজমা বেগম এবং তাসলিমার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
ফ্যামিলি কার্ড পাওয়া রুমা আখতার ও মনোয়ারা বেগম প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য দেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ, চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম এবং সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ (আশিক চৌধুরী) জেলার নেতারা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের জন্য আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে জানান, আজ স্থানীয় সময় সকালে লন্ডনে হোটেল হিলটনের লবিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এই সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী...
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৫৭৯ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকর্তার জন্য রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ধাপে ধাপে ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স পরিচালনা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
৫ মে দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছিল। ওই পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মৌলভীবাজারের আগে একইভাবে সরানো হয় পঞ্চগড় ও ফেনীর এসপিকেও।
৪ ঘণ্টা আগে