Ajker Patrika

দেশে কৃত্রিম সারসংকট তৈরির চেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
দেশে কৃত্রিম সারসংকট তৈরির চেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: আজকের পত্রিকা

দেশে একটি মহল কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তাঁর অভিযোগ, ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া ডিলাররা পালিয়ে গেছেন এবং তাঁরা সময়মতো সার উত্তোলন ও বিক্রি করছেন না। এ কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

সোমবার রাত পৌনে ৮টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে এমন জায়গায় ঠেলে নেওয়া হয়েছে, সেখান থেকে তুলে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে। সবকিছুর পরও আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো রাখতে কাজ করে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।’

বিদ্যুৎ খাতে অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না থাকার কথাও বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যেখানে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। তারা বিদ্যুৎ দিলে আমরা বিদ্যুৎ পাব, তারা না দিলে আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি চাই না।’

ফারজানা শারমিন পুতুল বলেন, দেশে বিদ্যুৎ-গ্যাসের সংকট চলছে এবং এতে জনগণ কষ্ট পাচ্ছে। স্থায়ী সমাধানের জন্য সরকার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত