Ajker Patrika

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আন্তর্জাতিক এই সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন করে সুদৃঢ় করতে পার্লামেন্টারি ডিপ্লোমেসি বা সংসদীয় কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত আলোচনা, তথ্য আদান-প্রদান, প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিককে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জবাবে পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত