
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদ্যমান তিনটি পৃথক আইন একীভূত করে একটি সমন্বিত ও একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাহিনীকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’ সেবা, ‘প্রান্তিক শক্তি’ ও ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’—এই তিন আইনের অধীনে পরিচালিত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে এর অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ডের আইনি ভিত্তি আরও সুদৃঢ় হবে। বাহিনীর সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণও আরও সুশৃঙ্খল হবে।
তেজগাঁওয়ে ৩ দশমিক ৪২৮ একর পরিত্যক্ত জমি আইনানুগভাবে হস্তান্তরের মাধ্যমে আধুনিক আনসার সদর দপ্তর প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বহুতল ভবন ও আধুনিক কমান্ড সেন্টার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য বিনিময়, কেন্দ্রীয় কার্যক্রম পর্যবেক্ষণ এবং সমন্বিত কৌশলগত পরিকল্পনা পরিচালনা করা সম্ভব হবে।
বাহিনীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার’ মতবাদের আদলে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় নিরাপত্তা নিশ্চিতের যে দর্শনের বিকাশ ঘটেছিল, তার ধারাবাহিকতায় আনসার ও ভিডিপি দেশের অন্যতম বৃহৎ জনসম্পৃক্ত নিরাপত্তা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে ১৯৯৫ সালে পৃথক তিনটি আইন প্রণয়ন এবং ২০০৪ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রদানের মাধ্যমে বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সদিচ্ছা ও আধুনিকায়ন উদ্যোগের অংশ হিসেবে নতুন অবকাঠামো ও সমন্বিত আইনি সংস্কারের পথে অগ্রগতি হচ্ছে।
জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় বাহিনীর অবদানের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও জনসমাগমস্থলের নিরাপত্তায় আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গম পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় যৌথ নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, উচ্ছেদ অভিযান, অপরাধ দমন, নিখোঁজ শিশু উদ্ধার এবং দালালবিরোধী কার্যক্রমে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
দেশের অদক্ষ জনশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আধুনিক প্রশিক্ষণ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি ভাষা প্রশিক্ষণ, ‘সঞ্জীবন’ প্রকল্প, ডিজিটাল প্রশিক্ষণ এবং ‘প্রান্তিক সংযোগ’ ও ‘প্রান্তিক শক্তি’র মতো বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক সেবা কার্যক্রম দেশে-বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও জাতীয় প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে।
নবনির্মিত আধুনিক সদর দপ্তরকে কেন্দ্র করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালনগত সক্ষমতা বাড়বে এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থাপনার সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুশাসন, শৃঙ্খলা, পেশাদারত্ব, উদ্ভাবন, জবাবদিহি ও সততার ভিত্তিতে এই কেন্দ্র জনসেবার একটি আধুনিক মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি আশা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই তারিখের পর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১২ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি...
৩৮ মিনিট আগে
অপরাধীদের অবৈধ সম্পদের উৎস, অর্থপাচারের পদ্ধতি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ণয়ের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট এবং বিভিন্ন দেশে বিনিয়োগ তহবিল...
১ ঘণ্টা আগে
জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইসির ভাবনা জানতে চাইলে সচিব বলেন, এখনো পর্যন্ত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আপনারা জানেন, ১৭ সেপ্টেম্বর একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছিল।
১ ঘণ্টা আগে