Ajker Patrika

শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ জুলাই ২০২৬, ২১: ১৫
শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকলে তাঁর নিজে নিজে আসার কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর অথবা পুশ ব্যাক করতে হবে। আর প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো হলে তাঁর আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। ফিরলেই গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে।

আজ রোববার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘নেতা-কর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। সরকার কূটনৈতিকভাবে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন হয়েছে—এ রকম নজির নেই। দেশে কোনোভাবে তাঁকে আনা হলে বা দেশের কোথাও পাওয়া গেলে তাঁকে কারাগারেই যেতে হবে। কারাগারে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি না, সেটি তখন নিষ্পত্তি হবে।’

আমিনুল ইসলাম আরও বলেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২১ জুলাই এ মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার ১০টি মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই এগুলোর প্রতিবেদন আদালতে পেশ করা হবে।

এ ছাড়া ১৯৭৫ সালে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অভিযোগগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত